'মেয়রের সঙ্গে বাপ-ছেলের সম্পর্ক এখনো আছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগ্রাবাদের জাম্বুরি মাঠে পার্কের নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে  সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন
আগ্রাবাদের জাম্বুরি মাঠে পার্কের নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন

চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে বাপ-ছেলে সম্পর্ক এখনো আছে বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। গতকাল শনিবার সকালে নগরের আগ্রাবাদ জাম্বুরি মাঠে পার্ক নির্মাণকাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
নগরের পাঁচলাইশ এলাকায় জাতিসংঘ পার্কের মালিকানা নিয়ে চট্টগ্রাম সিটি মেয়রের সঙ্গে গণপূর্ত মন্ত্রণালয়ের বেশ কিছুদিন ধরে বিরোধ চলছে। পার্কের সংস্কারকাজ সিটি করপোরেশনের নেওয়া উদ্যোগ নিয়ে প্রশ্ন তোলেন মন্ত্রী। ওই জায়গা গণপূর্ত বিভাগের উল্লেখ করে সিটি মেয়রের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছিলেন মন্ত্রী। ওই বক্তব্যের সূত্র ধরে মেয়র আ জ ম নাছির উদ্দীন সম্প্রতি চট্টগ্রামের স্থানীয় একটি পত্রিকা আয়োজিত সংলাপে বলেছেন, ‘জাতিসংঘ পার্ক নিয়ে আমাদের মুরব্বি মোশাররফ ভাইকে ভুল বোঝানো হয়েছে। তাঁর সঙ্গে আমার বাপ-ছেলের সম্পর্ক বহুদিনের। আমাদের দুজনের মধ্যে সম্পর্কে চিড় ধরানো হচ্ছে।’
মেয়রের ওই বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোশাররফ হোসেন গতকাল আরও বলেন, ‘জাতিসংঘ পার্কের মালিক গণপূর্ত বিভাগ। সে (মেয়র) এটা বুঝতে পেরেছে। আমি জাতিসংঘ পার্কের উন্নয়ন করব। সেখানে নান্দনিক পার্ক করা হবে। পার্ক দেখাশোনার দায়িত্ব মেয়রকে দেব। সে (মেয়র) খুশি হয়েছে।’
জাতিসংঘ পার্কে সুইমিং পুল বানানো নিয়ে মোশাররফ ক্ষুব্ধ। তিনি বলেন, ‘সাবেক মেয়র মনজুর (মনজুর আলম) সেখানে মনগড়া জিমনেসিয়াম করেছেন। সুইমিং পুলও করেছেন। সুইমিং পুলে ডুবে নাকি দুজন মারা গেছেন। আসলে অপরিকল্পিত উন্নয়নের বিপক্ষে আমরা।’
জাম্বুরি মাঠে অপরিকল্পিত শিশুপার্ক নির্মাণের সমালোচনা করে মোশাররফ হোসেন বলেন, ‘এই জায়গার মালিক গণপূর্ত বিভাগ। সিটি করপোরেশন আমাদের না জানিয়ে সেখানে শিশুপার্ক করে। সেটা উচ্ছেদ করে বঙ্গবন্ধু নভোথিয়েটার ও বঙ্গবন্ধু স্কয়ার নির্মাণ করা হবে।’ তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দেশের সব বিভাগে বঙ্গবন্ধু নভোথিয়েটার করা হবে। এ কারণে শিশুপার্কটি উচ্ছেদ করে বঙ্গবন্ধু নভোথিয়েটার করা হবে। এর পাশেই হবে বঙ্গবন্ধু স্কয়ার। শিশুদের জন্য সেখানে বিভিন্ন রাইড থাকবে। কোনো টিকিট ছাড়া শিশুরা এসব রাইড ব্যবহার করতে পারবে।
মোশাররফ হোসেন আরও বলেন, চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী বলা হয়। অথচ এখানে বাণিজ্যিক কর্মকাণ্ড কিছু নেই। প্রধানমন্ত্রী চট্টগ্রামের জন্য অনেকগুলো প্রকল্প হাতে নিয়েছেন। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে তখন চট্টগ্রাম হবে বাণিজ্যিক রাজধানী।
গতকাল জাম্বুরি মাঠ পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন চট্টগ্রামের গণপূর্ত সার্কেল-২-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও জাম্বুরি পার্কের প্রকল্প পরিচালক মিহির চক্রবর্তী, নির্বাহী প্রকৌশলী আহমেদ নুর এবং সিডিএর সদস্য ইউনুছ গণি।