'মেয়াদ শেষ হওয়ার এক দিন আগেও নির্বাচন নয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪ দলের সমন্বয়ক এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ২০১৯ সালে জাতীয় সংসদ নির্বাচন হবে। কে ক্ষমতায় থাকবে আর কারা থাকবে না—তা ওই নির্বাচনে জনগণ সিদ্ধান্ত দেবে। কিন্তু মেয়াদ শেষ হওয়ার এক দিন আগেও কোনো জাতীয় সংসদ নির্বাচন নয়।
আজ মঙ্গলবার লালদীঘি মাঠে আয়োজিত ১৪ দলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এসব কথা বলেন। দেশবিরোধী চক্রান্ত রুখতে, জঙ্গিবাদ নির্মূল, ইয়াবা ব্যবসা ও গুপ্তহত্যা বন্ধের দাবিতে স্থানীয় ১৪ দল এ সমাবেশের আয়োজন করে। সমাবেশের উদ্যোক্তা ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী শারীরিক অসুস্থতার কারণে বিদেশে থাকায় এতে যোগ দিতে পারেননি। তবে নগর আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতা-কর্মী সমাবেশে অংশ নেন।
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহসভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে জাসদ (আম্বিয়া-নাজমুল প্রধান) কেন্দ্রীয় কার্যকরী সংসদের সভাপতি ও সাংসদ মঈন উদ্দীন খান বাদল, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া, জাসদের (ইনু-শিরীন) সাধারণ সম্পাদক শিরীন আখতার, জাতীয় পার্টির (মঞ্জু) শেখ শহিদুল ইসলাম, তরীকত ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সাংসদ এম এ আওয়াল, ন্যাপ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এনামুল হক, গণআজাদী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস কে শিকদার প্রমুখ বক্তব্য দেন।
বিএনপি-জামায়াত জোটের সমালোচনা করে মোহাম্মদ নাসিম আরও বলেন, এরা ২০১৩ সালে সারা দেশে পেট্রলবোমা মেরে মানুষ খুন করেছিল। অবরোধ ডেকে দেশকে অচল করে দিতে চেয়েছিল। কিন্তু তাদের সেই নাশকতা ও আন্দোলন সফল হয়নি। এখন তারা বিশ্বের কুখ্যাত একটি গোয়েন্দা সংস্থার সঙ্গে হাত মিলিয়েছে। খালেদা জিয়ার পরামর্শে সীতাকুণ্ডের আসলাম চৌধুরী এই জঘন্য কাজ করেছেন। বিএনপি-জামায়াত কিন্তু বসে নেই। এদের আমলে জঙ্গির উত্থান ঘটেছিল। এসব কারণে জনগণ এদের কাছ থেকে সরে গেছে।
মোহাম্মদ নাসিম আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব নিয়েছেন। তিনি দায়িত্ব গ্রহণের পর চট্টগ্রামের অনেক বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। পদ্মা সেতুর নির্মাণকাজও চলছে। দেশে একের পর এক বড় প্রকল্প বাস্তবায়ন দেখে বিএনপি-জামায়াত জোট মরিয়া হয়ে উঠেছে। এরা দেশের অগ্রগতি বাধাগ্রস্ত করতে চায়।
সমাবেশে জাসদের কেন্দ্রীয় কার্যকরী সংসদের সভাপতি ও সাংসদ মঈন উদ্দীন খান বাদল বলেন, শেখ হাসিনা দায়িত্ব নেওয়ার পর চট্টগ্রাম থেকে কক্সবাজার হয়ে ঘুমধুম পর্যন্ত রেল প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। কর্ণফুলীর তলদেশে টানেল নির্মাণের প্রক্রিয়া চলছে। বাঁশখালীতে বিশাল বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হচ্ছে। চট্টগ্রাম নগরের চেহারাও পাল্টে যাচ্ছে। ব্যাপক উন্নয়নের কারণে পাল্টে যাচ্ছে দেশের সামগ্রিক চেহারা। এ অবস্থায় বিএনপি-জামায়াত ও জঙ্গিরা দেশে গুপ্তহত্যা চালিয়ে প্রগতির চাকা থামিয়ে দিতে চায়। কিন্তু এদের সব চক্রান্ত জনগণ বানচাল করে দেবে।
সমাবেশে দিলীপ বড়ুয়া বলেন, ‘বিএনপি-জামায়াত চক্র দেশের মানুষ থেকে আলাদা হয়ে এখন গুপ্তহত্যার পথ বেছে নিয়েছে। তাঁরা মার্কিন সাম্রাজ্যবাদ ও স্বার্থান্বেষী মহলকে দেখাতে চাইছে, বাংলাদেশ ভালো নেই, এখনই নির্বাচন দিতে হবে, তা না হলে এ রকম হত্যা চলতে থাকবে। কিন্তু কোনো কিছুতে কাজ হবে না। আমরা ১৪ দলের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ থেকে দেশের মানুষকে নিয়ে সব ষড়যন্ত্র এবং স্বাধীনতাবিরোধী অপশক্তিকে মোকাবিলা করব।’
শিরীন আখতার বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। ইদানীং তাঁর ছেলে জয়ের বিরুদ্ধেও ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু শেখ হাসিনাকে হত্যার কোনো পরিকল্পনা সফল হবে না।
সমাবেশস্থলে চট্টগ্রামের নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিমের মুক্তির দাবিতে স্লোগান দেওয়া হয়। এ সময় ১৪ দলের নেতারা বিষয়টি দেখার আশ্বাস দেন।