'যথাযোগ্য মর্যাদায়' স্বাধীনতা দিবস উদ্যাপনের আহ্বান জামায়াতের
‘যথাযোগ্য মর্যাদায়’ মহান স্বাধীনতা দিবস উদ্যাপনের জন্য দলের সব জনশক্তি ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ গতকাল বুধবার এক বিবৃতিতে এ আহ্বান জানান।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াত। ওই সময় মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একাধিক রায়ে দলটিকে অপরাধী সংগঠন হিসেবে উল্লেখ করা হয়েছে।
জামায়াত বিবৃতিতে একাত্তরের কথা উল্লেখ করে বলেছে, ‘জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও জনগণের সীমাহীন ত্যাগ এবং কুরবানির বিনিময়ে বিশ্বের মানচিত্রে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে। ক্ষুধা, দারিদ্র্য ও বেকারত্বমুক্ত একটি দেশ প্রতিষ্ঠার জন্য এ দেশের সাহসী সন্তানেরা যে প্রতিরোধ গড়ে তুলেছিল, তারই ধারাবাহিকতায় বাংলাদেশের জন্ম হয়েছে।...কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজও জনগণের সে স্বপ্ন পূরণ হয়নি।’
বিবৃতিতে রাষ্ট্রীয় সন্ত্রাস, হত্যা, খুন, গুম, অপহরণ ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা, দুর্নীতি, দুঃশাসন, দলীয়করণ, বাক্-স্বাধীনতা ও বিচার বিভাগের স্বাধীনতা হরণ ইত্যাদির উল্লেখ করে বলা হয়, এ অবস্থা থেকে মুক্তির জন্য জাতি আজ সংগ্রাম করে যাচ্ছে। জনতার এ আন্দোলনের মাধ্যমেই মহান স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়িত হবে।