
সিটি করপোরেশন ও পৌরসভা নির্বাচনে যাঁরা ভোটাধিকার কেড়ে নিয়েছেন, বিশেষ ট্রাইব্যুনালে তাঁদের সবার বিচার হবে।
‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে আয়োজিত সমাবেশে চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।
চট্টগ্রাম নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনের সামনে নুর আহমদ সড়কে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, পৌর নির্বাচনের সময় কিছু পুলিশ কর্মকর্তা অবৈধভাবে ভোটের বাক্স ভরে দিয়েছিলেন। আবার কিছু পুলিশ কর্মকর্তা বিএনপির এজেন্টদের গ্রেপ্তার এবং প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তা প্রহসনের নির্বাচনে সহযোগিতা করেছেন। সেই পুলিশ কর্মকর্তাদের তালিকা তৈরি করে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে একদিন তাঁদের বিচার করা হবে। তিনি আরও বলেন, জনগণ স্বাধীনভাবে ভোট প্রয়োগের সুযোগ পেলে আওয়ামী লীগ তৃতীয় স্থানে থাকবে।
আমীর খসরু বলেন, ‘দেশে এখন ভোটাধিকার, বাক্স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা নেই। নেই আইনের শাসন। জনগণের অধিকার ও কষ্টার্জিত গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে আওয়ামী লীগ। এখন সময় এসেছে ঐক্যবদ্ধভাবে এই অপশাসনের বিরুদ্ধে লড়াই করার।’
নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, বিএনপির কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান ও নগর যুবদলের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন।
সমাবেশে সৈয়দ ওয়াহিদুল আলম বলেন, ‘আওয়ামী লীগ জোর করে ক্ষমতা ধরে রেখেছে। তাদের মনে রাখা উচিত, যারা ভোট ডাকাতির মাধ্যমে জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায়, তাদের স্থায়িত্ব বেশি দিন হয় না।’
নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বলেন, এই সরকার সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছে। এখন দেশে আছে শুধু স্বৈরাচারী শাসনব্যবস্থা, গুপ্তহত্যা ও নির্যাতন। দীর্ঘদিন ধরে বিএনপির নেতা-কর্মীরা মামলা-হামলার শিকার। এর জবাব একদিন আওয়ামী লীগকে দিতে হবে।
মাহবুবুর রহমান বলেন, দেশের মানুষ শান্তিতে নেই। দলীয়করণের মাধ্যমে সরকার সবকিছু ধ্বংস করে দিয়েছে।