'যার শিল তারই নোড়া, তারই ভাঙি দাঁতের গোড়া'
ভারতের সঙ্গে ৩৬ হাজার কোটি টাকার ঋণ চুক্তি দেশের জন্য মঙ্গলজনক নয় বলে দাবি করেছে বিএনপি। দলটি বলছে, ভারত থেকে লাইন অব ক্রেডিটের (এলওসি) আওতায় নেওয়া আগের দুটি ঋণ বিশ্লেষণ করলে দেখা যায় পুনরায় একই ধরনের ঋণ নেওয়ার প্রয়োজন ছিল না।
আজ শনিবার সকালে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। ভারতের কাছ থেকে ঋণ নেওয়া পরিণতি সম্পর্কে বলতে গিয়ে রিজভী বলেন, ‘যার শিল তারই নোড়া, তারই ভাঙি দাঁতের গোড়া।’
সংবাদ সম্মেলনে বলা হয়, সরকারের উচিত হয়নি ঢাক ঢোল পিটিয়ে এমন কঠিন শর্তে ভারতের কাছ থেকে ঋণ নেওয়া। নানা শর্তের বেড়াজালে ভারতের সঙ্গে তৃতীয় ঋণের ৪৫০ কোটি ডলারের (৩৬ হাজার কোটি টাকা) চুক্তি করেছে সরকার। অথচ আগের দুটি প্রকল্প এখনো বাস্তবায়ন করতে পারেনি। ২০১৬ সালে চুক্তি হওয়া দ্বিতীয় ঋণের ২০০ কোটি ডলার এখনো ছাড় হয়নি। আর প্রথম ঋণের ১০০ কোটি ডলারের মধ্যে সাত বছরে ছাড় হয়েছে মাত্র ৩৭ কোটি ৬০ লাখ ডলার। অতীতে ভারতের সঙ্গে ঋণ চুক্তিতে কঠিন শর্ত আরোপ করায় প্রকল্পগুলো এখনো আলোর মুখ দেখেনি। ঋণের শর্তে বলা হয়েছে সরবরাহ প্রকল্পের ৭৫ ভাগ পণ্য অবশ্যই ভারত থেকে আমদানি করতে হবে। পাশাপাশি প্রকল্পের পরামর্শক নিয়োগ হতে হবে সেই দেশ থেকে। এ ছাড়া ভৌত অবকাঠামো প্রকল্পের ৬৫ ভাগ পণ্য কিনতে হবে ভারত থেকে। এ ছাড়া প্রকল্পে ভারতের ঠিকাদার নিয়োগের শর্ত রয়েছে। আর প্রকল্পগুলোর জন্য জমি অধিগ্রহণ, দরপত্র প্রণয়ন, প্রকল্পের নকশা তৈরি এবং দরপত্র চূড়ান্ত করার প্রক্রিয়া ভারতের এক্সিম ব্যাংকের সঙ্গে সমন্বয় করে নিতে হবে।
বিএনপি বলছে, বিভিন্ন দেশের ঋণের তুলনায় এ ঋণে শর্ত বেশি এবং পরিশোধের সময়সীমাও কম। পাশাপাশি সামগ্রিকভাবে এটি স্বস্তিকরও নয়। এর বাস্তবায়ন প্রক্রিয়া অনেক দীর্ঘস্থায়ী হবে। প্রকল্প ব্যয় বেড়ে যাবে এবং প্রকল্প বাস্তবায়নও হবে বিলম্বিত। শুধু তা-ই নয়, পরোক্ষভাবে ঋণের সুদের হার আরও অনেক বেড়ে যাবে। এ বিষয়ে একটি প্রবাদ মনে পড়ে যায়-‘যার শিল তারই নোড়া, তারই ভাঙ্গি দাঁতের গোড়া’।