'যারা কেন্দ্রীয় নেতাদের চোখের সামনে থাকে, তারাই কমিটিতে স্থান পায়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যারা সব সময় ঢাকায় কেন্দ্রীয় নেতাদের চোখের সামনে থাকে, তারাই কমিটিতে স্থান পায়। অথচ যারা ঢাকার বাইরে দলের জন্য ত্যাগ স্বীকার করে, নির্যাতিত হয়, তাদের কমিটিতে স্থান দেওয়া হয় না। ঢাকায় থাকাই যেন কমিটিতে স্থান পাওয়ার অন্যতম যোগ্যতা। যেন চোখের আড়াল মানেই মনের আড়াল।’
বাংলাদেশ ছাত্রলীগের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির বিষয়ে জানতে চাইলে এমন মন্তব্য করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রথম সারির সাবেক এক নেতা। শুধু তিনিই নন, তাঁর মতো আরও কয়েকজন নেতার অভিযোগ, প্রতিবারের মতো এবারও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে ‘উপেক্ষা’ করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ত্যাগী নেতাদের। গত সোমবার রাতে বাংলাদেশ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও সমালোচনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক অনেক ছাত্রলীগ নেতা।
সদ্যঘোষিত ৩০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্থান পেয়েছেন মাত্র দুজন। তাঁরা হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু হুসাইন ওরফে বিপু ও সব্যসাচী হালদার। আবু হুসাইন সহসভাপতি ও সব্যসাচী হালদার সমাজসেবাবিষয়ক উপসম্পাদক পদ পেয়েছেন। এ ছাড়া রাজশাহী মহানগর ছাত্রলীগের সহসভাপতি অর্ণা জামান পেয়েছেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি পদ। এই তিন নেতা কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়ায় গতকাল মঙ্গলবার দুপুরে ক্যাম্পাসে মিষ্টি বিতরণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পরপরই রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমানে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক আহমেদ আলী মোল্লা তাঁর ফেসবুক ওয়ালে লেখেন, ‘এই লজ্জা রাখি কোথায়! যেখানে ঢাকা কলেজ ছাত্রলীগের ১৫-২০ জন নেতাকে কেন্দ্রীয় ছাত্রলীগে মূল্যায়ন করা হয়, সেখানে রাবি ছাত্রলীগের মাত্র দুজন! শুধু কি তাই, প্রাইভেট বিশ্ববিদ্যালয়েরও যেখানে চার-পাঁচজন নেতাকে কেন্দ্রীয় কমিটিতে রাখা হয়, সেখানে রাবির মাত্র দুজন!’
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের কমিটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ৮-১০ জন কেন্দ্রীয় কমিটিতে পদপ্রত্যাশী ছিলেন। সেখানে মাত্র দুজনকে কেন্দ্রীয় কমিটিতে স্থান দেওয়া হয়েছে, যা এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতি করা নেতা-কর্মীদের জন্য হতাশার। তাঁরা জানান, ছাত্রলীগের এর আগের কমিটিগুলোতেও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীর পদ পাওয়ার উদাহরণ খুব একটা নেই।
কেন্দ্রীয় কমিটিতে সহসভাপতি পদ পাওয়া আবু হুসাইন বলেন, ‘ঢাকার বাইরে থেকে কেন্দ্রের রাজনীতি করতে গেলে, অনেক যোগ্যতার প্রমাণ তো দিতে হয়ই, তারপরও নানা বাধার সম্মুখীন হতে হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো একটি ইউনিট থেকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে আরও বেশি নেতা-কর্মীর স্থান পাওয়া উচিত।’