বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজ যারা দেশ শাসন করছে, তারা অত্যন্ত ছোট মনের অধিকারী। তারা সংকীর্ণতা আর বিভাজনে বিশ্বাস করে।’
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্বাধীনতা পদক জাতীয় জাদুঘর থেকে সরানোর প্রতিবাদে গতকাল শনিবার ঠাকুরগাঁও জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বিক্ষোভ ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।
মহাসচিব বলেন, ‘পদক কেড়ে নিয়ে শুধু জিয়াকেই হেয় করা হয়নি, হেয় করা হয়েছে মুক্তিযোদ্ধাদের। হেয় করা হয়েছে গোটা জাতিকে। সরকারের নিকৃষ্টতম সিদ্ধান্ত এটা।’
মির্জা ফখরুল আরও বলেন, একসময় আওয়ামী লীগ সবচেয়ে জনপ্রিয় দল ছিল। কিন্তু ১৯৭৫ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর একটা মানুষও তাদের পাশে দাঁড়ায়নি। একদলীয় শাসনব্যবস্থা কায়েম করায় তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল। আজও আওয়ামী লীগ আবার সেই জায়গায় ফিরে গেছে।
সমাবেশে আরও বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সহসভাপতি নুর করিম, সাধারণ সম্পাদক তৈমুর রহমান, মহিলা দলের আহ্বায়ক ফোরাতুন নেহার, পৌর মেয়র মির্জা ফয়সল আমীনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।