সীতাকুণ্ড ও আনোয়ারার অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন বিদ্যুৎ প্রতিমন্ত্রীর
'যেভাবে হোক নৌকা মার্কার প্রার্থীকে পাস করাতে হবে'
২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের প্রতিটি গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম পরিদর্শন করেন তিনি। সেখানে স্থানীয় লোকজনের উদ্দেশে তিনি বলেন, এই অর্থনৈতিক অঞ্চলে লাখ লাখ মানুষের কর্মসংস্থান হবে।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী নির্বাচনে যেভাবে হোক নৌকা মার্কার প্রার্থীকে পাস করাতে হবে। না হলে হাওয়া ভবন
বানিয়ে লুটপাট শুরু হয়ে যাবে। আগামীতে ইলেকশনে যদি নৌকায় না ভোট দিই, তাহলে যা কাজকর্ম দেখা যাচ্ছে সব বন্ধ হয়ে যাবে।’
বিদ্যুতের জন্য অধিগ্রহণ করা জায়গা দ্রুত বুঝিয়ে দিতে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যানকে নির্দেশ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী এক বছরের মধ্যে জায়গাটা বুঝিয়ে দেন, খুব শিগগিরই এখানে বিদ্যুতের প্লান্ট (কেন্দ্র) বসাতে পারব।’
বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরীর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) কর্মসূচির মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মেছবাহ উল
আলম, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান মনোয়ার হোসেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নাজিম উদ্দিন চৌধুরী, বিদ্যুৎ বিভাগের সচিব আহমদ কায়কাউস, পরিবেশ ও
বন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ইসতিয়াক আহমদ, চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দৌলতুজ্জামান প্রমুখ।
এদিকে গতকাল দুপুরে চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী নসরুল হামিদসহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
আনোয়ারায় ৭৭৫ একর জমির ওপর গড়ে উঠছে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল প্রকল্প এলাকা।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরীর এক প্রশ্নের জবাবে বলেন, ভূমি অধিগ্রহণকালে যাতে কোনো মানুষ কষ্ট না পায়। এমনকি খাস জায়গায় বসবাসকারী ব্যক্তিরাও যাতে দুর্ভোগে না পড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে।