'রক্তচক্ষুকে ভয় পান না খালেদা'
গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি অবিচল থেকে সব রক্তচক্ষুকে উপেক্ষা করে বেগম খালেদা জিয়া জনগণের ভোটাধিকার আদায়ের সংগ্রামে নেমেছেন। দেশের মানুষ ভোটাধিকার ফিরে পেলে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। আর গণতান্ত্রিক সরকারই কেবল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকে।
বেগম খালেদা জিয়ার নবম কারামুক্তি দিবস উপলক্ষে এক দোয়া মাহফিলে নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন এসব কথা বলেন। গতকাল সোমবার দুপুরে দলীয় কার্যালয় নাসিমন ভবন-সংলগ্ন জামে মসজিদে নগর বিএনপি এই দোয়া মাহফিলের আয়োজন করে।
দোয়া মাহফিলে নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে জনগণের মৌলিক অধিকার খর্ব করেছে। গণতান্ত্রিক ব্যবস্থাকে পঙ্গু করে জনগণের প্রত্যাশার সঙ্গে প্রতারণা করেছে।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান, চাকসুর সাবেক সহসভাপতি (ভিপি) নাজিম উদ্দিন প্রমুখ।