'রাউজানে মনোনয়ন বাছাইয়ের নামে তামাশা হয়েছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাউজানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলীয় প্রার্থীদের নির্বাচিত করার জন্য ক্ষমতাসীন দলের লোকজন বিএনপির প্রার্থী এবং তাঁদের প্রস্তাবকারী-সমর্থনকারীদের ভয়ভীতি দেখিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। মনোনয়নপত্র বাছাইয়ের নামে সেখানে তামাশা করা হয়েছে বলেও অভিযোগ করে দলটি।

চট্টগ্রাম প্রেসক্লাবে আজ রোববার এক সংবাদ সম্মেলনে উত্তর জেলা বিএনপি এসব অভিযোগ করে। দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন উত্তর জেলা বিএনপির সদস্যসচিব কাজী আবদুল্লাহ আল হাসান। এ সময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) বিএনপিদলীয় পাঁচজন চেয়ারম্যান পদপ্রার্থী উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র বাতিল হওয়ায় রাউজানে ১৪টি ইউনিয়ন পরিষদের ১১টিতে ক্ষমতাসীন দলের প্রার্থীরা বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হতে চলেছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
লিখিত বক্তব্যে বলা হয়, ‘নির্বাচনে মনোনয়নপত্র জমা না দেওয়ার জন্য হুমকি-ধমকি দেওয়া হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে আমরা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বরাবরে আবেদন করে বিকল্প স্থান জেলা প্রশাসন কার্যালয়ে ১৪ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন দাখিল করি। কিন্তু এরপর থেকে প্রার্থী, প্রস্তাবকারী, সমর্থনকারীদের বাড়ি বাড়ি গিয়ে হামলা, হুমকি-ধমকি দিতে থাকে আওয়ামী লীগ প্রার্থীর লোকজন।’
অভিযোগে বলা হয়, পূর্ব গুজরা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম, পাহাড়তলী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোজাহেরুল আলম ও বিভিন্ন প্রস্তাবকারী এবং সমর্থনকারীর বাড়িতে গিয়ে হামলা চালিয়েছে আওয়ামী লীগের লোকজন।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, মনোনয়নপত্র বাছাইয়ের কাজটিও জেলা প্রশাসন কার্যালয়ে করার আবেদন জানিয়েছিল বিএনপি। কিন্তু তা করা হয়নি। ফলে ১১ এপ্রিল বাছাইয়ের নামে উপজেলায় একটি তামাশা করা হয়েছে। মারধর করে এবং ভয়ভীতি দেখিয়ে বিএনপির প্রার্থীদের নাম প্রস্তাবকারী-সমর্থনকারীদের কাছ থেকে লিখিত নেয় যে তারা ‘কোনো প্রার্থীর মনোনয়নপত্রে সই করেনি’। পরে তা আওয়ামী লীগের প্রার্থী এবং তাদের ক্যাডার বাহিনী রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেয়। এর পর মনোনয়ন বাতিল করা হয়। মোট ১৩ জন বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে নেতারা বলেন, রাউজানে মানুষের গণতান্ত্রিক অধিকার, ব্যক্তিস্বাধীনতা সর্বোপরি মানবাধিকার ভূলুণ্ঠিত হয়েছে। সরকারি দলের সাংসদের নীলনকশা অনুযায়ী ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে এ ধরনের তামাশা করা হয়েছে।
তবে বিএনপির এসব অভিযোগ অস্বীকার করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমাদের লোকজন কাউকে কোনো হুমকি-ধমকি দেয়নি।’