‘রাজনীতিমুক্ত’ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পাঁচ মাস আগে সব ধরনের সভা, সমাবেশ ও মিছিলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সিন্ডিকেট। ওই সিদ্ধান্ত অমান্য করে প্রশাসনিক ভবনে ছাত্রলীগকে কর্মিসভা করার সুযোগ দিল খোদ বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল মঙ্গলবার প্রশাসনিক ভবনের ৪১১ নম্বর কক্ষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এ কর্মিসভা হয়।
ওই সভায় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা ও আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানিয়ে স্লোগান দেন সংগঠনের নেতা-কর্মীরা। পরে তাঁরা কর্মিসভায় বক্তব্য দেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের ৩১ জুলাই রাতে শোকের মাস আগস্টের প্রথম প্রহরে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সপ্তম ব্যাচের শিক্ষার্থী ও কাজী নজরুল ইসলাম হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. খালিদ সাইফুল্লাহ নিহত হন। পরদিন উপাচার্য মো. আলী আশরাফের বাসভবনে সিন্ডিকেটের জরুরি সভা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে সব ধরনের মিছিল, সভা ও সমাবেশ নিষিদ্ধ করা হয়। ওই নিষেধাজ্ঞার খবর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সদস্যসচিব ও রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার বিজ্ঞপ্তি আকারে সর্বত্র প্রচার করেন। সেই থেকে ক্যাম্পাসের কোথাও মিছিল হয়নি। এমনকি কোন সংগঠন সংবাদ সম্মেলন করার অনুমতিও পায়নি। কিন্তু এর মধ্যেই গত সোমবার ছাত্রলীগকে প্রশাসনিক ভবনে কর্মিসভা করার অনুমতি দেন নবনিযুক্ত প্রক্টর কাজী মোহাম্মদ কামাল উদ্দিন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহীর সঞ্চালনায় গতকালের কর্মিসভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বি এম এহতেশাম। প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি, সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার। বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রলীগের উপক্রীড়া সম্পাদক মিজানুর রহমান।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহী বলেন, ‘সিন্ডিকেটের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলী আশরাফ এবং প্রক্টরের কাছ থেকে অনুমতি নিয়ে আমরা সভা করেছি। নিষেধাজ্ঞার বিষয়টি জানা থাকায় অনুমতি নিয়ে কর্মিসভা করা হয়েছে।’ প্রক্টর বলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সঙ্গে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা-কর্মীরা সভা করবেন, এই কারণে শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়া হয়েছে। শর্ত হিসেবে মাইক ব্যবহার ও মিছিল করে স্লোগান দেওয়া নিষিদ্ধ করা হয়। কিন্তু কর্মিসভায় মাইক ব্যবহার ও স্লোগান দেওয়া হয় জানালে তিনি বলেন, ‘বিষয়টি আমার জানা নেই।’
রেজিস্ট্রার বলেন, সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী ক্যাম্পাসে সভা, সমাবেশে নিষেধাজ্ঞা বহাল রয়েছে। কর্মিসভার জন্য কে অনুমতি দিয়েছে, তা জানা নেই।
২০০৭ সালের ২৮ মে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চালু হয়। তখন থেকেই এ বিশ্ববিদ্যালয় রাজনীতি ও ধূমপানমুক্ত ঘোষণা করা হয়।