'রাজনীতিমুক্ত' বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের আংশিক কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রাজনীতিমুক্ত’ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ১০ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এ এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম ওই কমিটির অনুমোদন দেন। আগামী এক বছরের জন্য এ কমিটি করা হয়েছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সদ্য বিদায়ী আহ্বায়ক মাহমুদুর রহমান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
কমিটিতে নাজমুল আলম ওরফে আলিফকে সভাপতি, রুপম চন্দ্র দেবনাথ, রাসেল হোসেন, নাজমুল হাসান ও বিজয় সরকারকে সহসভাপতি, রেজা-ই-এলাহীকে সাধারণ সম্পাদক, রেজাউল ইসলাম ও সোহেল রানাকে যুগ্ম সাধারণ সম্পাদক, মাহবুবুর রহমান ও আরিফুল হাসান খানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এর মধ্যে সভাপতি নাজমুল বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হলের সহসভাপতি। তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ও কুমিল্লা সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলমগীর হোসেনের ভাতিজা।
নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের অন্তত ছয়জন নেতা জানান, ২০১২ সালের ১৫ সেপ্টেম্বর এই বিশ্ববিদ্যালয়ে তিন মাসের জন্য ৫১ সদস্যবিশিষ্ট ছাত্রলীগের আহ্বায়ক কমিটি দেওয়া হয়। ওই কমিটি দীর্ঘ সময়ে পূর্ণাঙ্গ কমিটি করতে পারেনি। উল্টো নিজেরা হানাহানি, মারামারি, ঠেকবাজি, অস্ত্রবাজি, বহিরাগতদের বিশ্ববিদ্যালয়ে অনুপ্রবেশ করানো, শিক্ষা কার্যক্রম ব্যাহত করা, প্রশাসনিক কার্যক্রমে হস্তক্ষেপ ও দরপত্র নিয়ন্ত্রণ নিয়ে ব্যস্ত ছিল। ওই কমিটি প্রায় তিন বছর ধরে নানা অপকর্মের কারণে সারা দেশে আলোচিত ছিল।
২০০৭ সালের ২৮ মে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চালু হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে এই বিশ্ববিদ্যালয় ছাত্ররাজনীতিমুক্ত ছিল। প্রতিবছর ভর্তির সময় শিক্ষার্থীরা ছাত্ররাজনীতি ও বিশ্ববিদ্যালয় এলাকায় ধূমপান করবেন না বলে অঙ্গীকারনামা দিয়ে ভর্তি হন। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ প্রকাশ্যে ছাত্ররাজনীতি শুরু করে।