'রাজনীতিমুক্ত' বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রাজনীতিমুক্ত’ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের প্রথম বার্ষিক সম্মেলন ১৩ মে অনুষ্ঠিত হবে। সম্মেলনে বিশেষ অতিথি থাকছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলী আশরাফ। বিশ্ববিদ্যালয়ে সব ধরনের মিছিল, সভা-সমাবেশে নিষেধাজ্ঞা থাকলেও এর মধ্যেই এই সম্মেলন ডাকা হয়েছে।
গতকাল শনিবার নগরের বিভিন্ন এলাকায় সম্মেলনের পোস্টার সাঁটানো হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপাচার্যের নাম রয়েছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহী জানান, ১৩ মে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভলিবল মাঠে ছাত্রলীগের প্রথম বার্ষিক সম্মেলন হবে। এতে প্রধান অতিথি থাকবেন পরিকল্পনামন্ত্রী ও কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও সদর দক্ষিণ) আসনের সাংসদ আ হ ম মুস্তফা কামাল। সম্মেলনের উদ্বোধন করবেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান। সম্মেলনে বিশেষ অতিথি থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলী আশরাফ। সম্মেলনের প্রধান বক্তা কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
ছাত্রলীগের সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে নিজের নাম থাকা প্রসঙ্গে উপাচার্য বলেন, ‘আমি ওদের (ছাত্রলীগের নেতাদের) আমার নাম পোস্টারে ব্যবহার করতে না করেছি। মাননীয় মন্ত্রী মহোদয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ ক্যাম্পাসে এলে এমনিই আমি দেখা করব। এরপরেও ওরা আমার নাম দিয়েছে।’
রেজা-ই-এলাহী বলেন, ‘মাননীয় মন্ত্রী মহোদয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দই উপাচার্য মহোদয়ের নাম পোস্টারে দেওয়ার জন্য বলেছেন। এ কারণে আমরা পোস্টারে ওনার নাম দিয়েছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে মৌখিক অনুমতি নিয়ে সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে।’
এ প্রসঙ্গে সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লার সাধারণ সম্পাদক আলী আকবর বলেন, ‘বর্তমান উপাচার্যকে আওয়ামী লীগ সরকার নিয়োগ দিয়েছে। তিনি আওয়ামী লীগ-সমর্থিত লোক। এরপরেও রাজনীতিমুক্ত একটি বিশ্ববিদ্যালয়ে নিষেধাজ্ঞার মধ্যে তাঁর বিশেষ অতিথি হওয়া কতটুকু যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়।’
এদিকে ২০১৬ সালের ১ আগস্ট প্রথম প্রহরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে কাজী নজরুল ইসলাম হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. খালিদ ছাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। ওই দিনই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে সব ধরনের সভা, সমাবেশ ও মিছিলে নিষেধাজ্ঞা আরোপ করে। ওই নিষেধাজ্ঞা এখনো বলবৎ রয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মজিবুর রহমান মজুমদার।
২০০৭ সালের ২৮ মে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চালু হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে এ বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতিমুক্ত। প্রতিবছর ভর্তির সময় শিক্ষার্থীরা ছাত্ররাজনীতি ও বিশ্ববিদ্যালয় এলাকায় ধূমপান করবেন না বলে অঙ্গীকারনামা দিয়ে ভর্তি হন। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর এ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ প্রকাশ্যে রাজনীতি শুরু করে। ২০১২ সালের ১৫ সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তিন মাসের জন্য ছাত্রলীগের ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা দেওয়া হয়।