'রাজনীতিমুক্ত' বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিষ্ঠালগ্ন থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় রাজনীতি ও ধূমপানমুক্ত ক্যাম্পাস। প্রতিবছর শিক্ষার্থীরা অঙ্গীকারনামায় সই করে এখানে ভর্তি হন। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে এবার ঘটা করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্মেলন হলো।
গতকাল শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভলিবল মাঠে ওই সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আলী আশরাফ বলেন, যাঁরা না জেনে এই বিশ্ববিদ্যালয়কে ‘রাজনীতিমুক্ত’ লিখছেন, তাঁদের সবকিছু জেনেই লেখা উচিত।
জানা যায়, দুপুর ১২টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান আলিফের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক মো. আলী আশরাফ। সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ। সম্মেলনে প্রধান বক্তা কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, বিশেষ বক্তা কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বি এম এহতেশাম ও উপক্রীড়া সম্পাদক মিজানুর রহমান। সম্মেলন উপলক্ষে বিপুলসংখ্যক বহিরাগতকে ক্যাম্পাসে জড়ো করা হয়।
তথ্যানুসন্ধানে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরমের ১৩ নম্বর পয়েন্টে একটি অঙ্গীকারনামা উল্লেখ রয়েছে। প্রতিবছর ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ওই ফরমে সই করেই ভর্তি হন। এতে উল্লেখ রয়েছে, ‘আমি এই মর্মে অঙ্গীকার করছি যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে একটি রাজনীতি ও ধূমপানমুক্ত ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার ব্যাপারে কর্তৃপক্ষের সিদ্ধান্ত পুরোপুরি মেনে চলতে সচেষ্ট থাকব। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখব।’
এ প্রসঙ্গে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক মো. আলী আশরাফ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে অবশ্যই রাজনীতি থাকবে। তবে কোনো অপরাজনীতি থাকবে না। কোন প্রেক্ষিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় রাজনীতিমুক্ত তা আমি জানি না। তবে ভর্তি ফরমে এই বিশ্ববিদ্যালয় রাজনীতি ও ধূমপানমুক্ত তা উল্লেখ রয়েছে। আমি চাইলে সেটা বাতিলও করে দিতে পারি।’
তবে উপাচার্যের ওই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লা জেলা শাখার সভাপতি মমিনুল হক চৌধুরী বলেন, শিক্ষা কার্যক্রম চালু হওয়ার শুরু থেকেই এই বিশ্ববিদ্যালয় রাজনীতিমুক্ত। কয়েক বছর সেটি কঠোরভাবে মানা হয়। এরপর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নাম দিয়ে ছাত্ররাজনীতি শুরু হয়। একপর্যায়ে ছাত্রলীগের ছেলেরা প্রকাশ্যে রাজনীতি শুরু করেন। এই বিশ্ববিদ্যালয় আইন ও বিধি অনুযায়ী পরিচালিত হবে, এটাই স্বাভাবিক। কিন্তু সে অনুযায়ী বিশ্ববিদ্যালয় চলছে না। রাজনীতিমুক্ত বিশ্ববিদ্যালয় নিয়ে উপাচার্যের বক্তব্য সঠিক নয়। তিনি চাইলেই সেটি তুলে দেবেন, এটা হতে পারে না।
বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য অধ্যাপক গোলাম মাওলা বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় অবশ্যই রাজনীতিমুক্ত বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই আমরা সেটা চালু করেছি। আমার সময়কালে সেটি বলবৎ ছিল।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহী বলেন, ‘উত্তরাধিকার সূত্রে আমরা ক্যাম্পাসে রাজনীতি করছি। ভর্তির সময় অঙ্গীকারনামায় সইও করেছি।’
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও সিন্ডিকেটের সদস্যসচিব মজিবুর রহমান মজুমদার বলেন, ২০১৬ সালের ১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে কাজী নজরুল ইসলাম হলের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. খালিদ ছাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। ওই দিনই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে সব ধরনের সভা, সমাবেশ ও মিছিলে নিষেধাজ্ঞা আরোপ করে। ওই নিষেধাজ্ঞা এখনো বলবৎ রয়েছে।
২০০৭ সালের ২৮ মে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চালু হয়। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ প্রকাশ্যে ছাত্ররাজনীতি শুরু করে। ২০১২ সালের ১৫ সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তিন মাসের জন্য ৫১ সদস্যবিশিষ্ট ছাত্রলীগের আহ্বায়ক কমিটি দেওয়া হয়। ২০১৫ সালের ২৪ জুলাই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ১০ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।