'রাজনীতির নামে মানুষ হত্যার মহোৎসব চলছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনীতির নামে দেশে সাধারণ মানুষ হত্যার মহোৎসব চলছে বলে মন্তব্য করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। তিনি বলেছেন, এসব হত্যাকাণ্ডের দায় বিএনপি-জামায়াতকে নিতে হবে, একই সঙ্গে জনগণকে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় সরকারকেও কাঠগড়ায় দাঁড়াতে হবে।
রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গতকাল শুক্রবার বিকেলে ‘সন্ত্রাসবিরোধী গণ–অবস্থান’ কর্মসূচিতে ইমরান এইচ সরকার এসব কথা বলেন। তিনি এসব হত্যার প্রতিবাদে আগামী মঙ্গলবার দেশের সব জেলা-উপজেলা-গ্রাম পর্যায়ে বেলা তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত গণ–অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন।
কর্মসূচিতে অংশ নিয়ে অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাত বলেন, দেশ এক ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে। আলবদর ও যুদ্ধাপরাধীর দোসরেরা আবারও যুদ্ধের ঘোষণা দিয়েছে। তাদের বিরুদ্ধে শেষবারের মতো আরেকটি যুদ্ধ করতে হবে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধের শক্তি গড়ে তুলতে হবে।
গণজাগরণ মঞ্চের মুখপাত্র বলেন, ৫ জানুয়ারির পর দেশে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। বাসে আগুন দিয়ে, পেট্রলবোমা মেরে মানুষ হত্যা করা হচ্ছে। মানুষ ঘর থেকে বের হলে সে আর ঘরে ফিরতে পারবে কি না, তা নিয়ে শঙ্কার মধ্যে থাকে। ১৬ কোটি মানুষ চরম অনিশ্চয়তার জীবন যাপন করছে।
ইমরান এইচ সরকার বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আবার নিরীহ মানুষ মারা যাওয়ার পর দুই বড় রাজনৈতিক দল একে অন্যের ওপর দায় চাপানোর চেষ্টা করছে। এতেই বোঝা যায়, সাধারণ মানুষকে নিয়ে এসব রাজনৈতিক দলের কোনো বিকার নেই।
এ সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াতের নেতা মুহাম্মদ কামারুজ্জামানের দণ্ড দ্রুত কার্যকরের দাবি জানান গণজাগরণ মঞ্চের কর্মী-সংগঠকেরা। পরে মোমবাতি জ্বেলে আলোক মিছিল করে শহীদ মিনারে যান তাঁরা।
একই দাবিতে একই সময়ে শাহবাগে ‘#হোক প্রতিবাদ’ নামে ফেসবুকভিত্তিক একটি গ্রুপ সমাবেশ, পতাকা মিছিল, আলোক প্রজ্বালন করে। তারাও মিছিল নিয়ে শহীদ মিনারের কর্মসূচিতে অংশ নেয়।