'রাষ্ট্রের অখণ্ডতা খণ্ড হলো কেন?'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রের অখণ্ডতা নিয়ে প্রধানমন্ত্রীর একটি বক্তব্যের সূত্র ধরে বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী এমাজউদ্দীন আহমদ বলেছেন, ‘রাষ্ট্রের অখণ্ডতা রক্ষা করতে হবে, ঠিক আছে। কিন্তু রাষ্ট্রের অখণ্ডতা খণ্ড হলো কেন?’
গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এমাজউদ্দীন আহমদ প্রধানমন্ত্রীর প্রতি এ প্রশ্ন রাখেন।
আগের দিন বৃহস্পতিবার সেনাবাহিনীর এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘আমি নিশ্চিত, যেকোনো ধরনের অশুভ শক্তির মোকাবিলা এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় আমাদের সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত।’
এ বক্তব্যের প্রতি ইঙ্গিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ বলেন, পুরো জাতি আজ বিভক্ত। ছাত্র, শিক্ষক, চিকিৎসক, বিচারক, সরকারি-বেসরকারি কর্মকর্তা—এমন কোনো খাত নেই যেখানে বিভক্তি নেই। এভাবে চলতে থাকলে এ দেশ ব্যর্থ রাষ্ট্র হতে আর দেরি হবে না। রুয়ান্ডা এভাবেই ব্যর্থ রাষ্ট্র হয়েছিল।
এমাজউদ্দীন আহমদ বলেন, ‘বাংলাদেশ বর্তমানে খুব ভয়াবহ সময় অতিক্রম করছে। এত খারাপ সময় যে আমার মনে হয় ১৯৭১ সালের ছায়া লক্ষ্য করছি।’ তিনি বলেন, দেশের রাজনীতিকেরা এর জন্য দায়ী। বিষাক্ত রাজনীতির ফলে রাজনীতি-অর্থনীতি প্রত্যেক প্রতিষ্ঠান বিকৃত হয়ে গেছে। এ অবস্থার অবসানে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে অবিলম্বে প্রধান দুটি রাজনৈতিক দলকে সংলাপে বসার পরামর্শ দেন তিনি।
বিজিবির প্রধান মেজর জেনারেল আজিজ আহমেদের বক্তব্যেরও সমালোচনা করেন এমাজউদ্দীন আহমদ। তিনি বলেন, ‘বিজিবির প্রধান যে কথা বলেছেন, তা গ্রহণযোগ্য নয়। তাঁর কাজ হচ্ছে, যদি অন্যায় কেউ করে থাকে তাকে ধরা, তার শাস্তির বিধান করা। কিন্তু গুলি করতে হবে, গুলি মারব—এ ধরনের বক্তব্য ওই পর্যায়ের ব্যক্তির কাছ থেকে আমরা আশা করি না।’
অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন সেনাবাহিনী দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, অখণ্ডতা রক্ষা করতে প্রস্তুত। তাহলে কি সে রকম অবস্থা চলছে। কিন্তু দেশের এই করুণ পরিণতি কেন? তিনি বলেন, ‘এর থেকে বের হতে হলে সবার অংশগ্রহণমূলক একটি নিরপেক্ষ নির্বাচন ভীষণ জরুরি। কিন্তু এ কথা আমি যখনই বলব, তখনই বলা হবে আমি বিএনপির লোক।’
সেন্টার ফর ন্যাশনালিজম স্টাডিজ (সিএনএস) নামের একটি সংগঠন ‘জাতি গঠনের পথে বাধা ও উত্তরণের উপায়’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে। সংগঠনের চেয়ারম্যান ফাতেমা আনোয়ারের সঞ্চলনায় আরও বক্তব্য দেন সাংবাদিক সাদেক খান, শওকত মাহমুদ প্রমুখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কর্নেল (অব.) জেড আর এম আশরাফ উদ্দিন।