'লক্ষ্মীপুর থেকে সরকার পতনের আন্দোলন'
লক্ষ্মীপুর থেকে সরকার পতনের আন্দোলন শুরু হবে। এ জন্য নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। গতকাল শুক্রবার লক্ষ্মীপুর জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
জেলা বিএনপির সহসভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও সাবেক সাংসদ শহীদ উদ্দীন চৌধুরী।
সাবেক সাংসদ অভিযোগ করেন, গত বছরের ১২ ডিসেম্বর লক্ষ্মীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিনের বাসভবনে ঢুকে তাঁকে হত্যার উদ্দেশ্য গুলি চালায় র্যা ব। কিন্তু অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। বিএনপি নেতা মাহাবুবুর রহমান, শিহাব ও সুমনকে গুলি করে হত্যা করে তারা। ওই দিন র্যা বের গুলিতে আহত অসংখ্য নেতা-কর্মী পঙ্গু হয়েছেন। জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদের লাশ র্যা ব গাড়িতে তুলে নিয়ে যায়। এ কারণে ১২ ডিসেম্বর কালো দিবস।
সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বেপারী, বিএনপি নেতা মাঈন উদ্দিন চৌধুরী, আনোয়ার হোসেন প্রমুখ।