'লতিফকে দেখলেই মাথায় আঘাত করবেন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগে সাংসদ এম এ লতিফের মাথায় আঘাত করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের লালদীঘি ময়দানে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি বিকৃতিকারীর গ্রেপ্তার, বিচার ও শাস্তির দাবিতে নাগরিক মঞ্চ চট্টগ্রামের ব্যানারে এই সমাবেশের আয়োজন করা হয়। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা এতে অংশ নেন।
সমাবেশে নেতা-কর্মীদের সংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘প্রতি এলাকাতে লাঠি নিয়ে সংগঠিত হবেন। লতিফকে দেখলেই মাথায় আঘাত করবেন। আর লতিফের সহযোগী যাঁরা আছেন, তাঁদের তালিকা করবেন। এক মাস সময় দেওয়া হলো। তালিকা করে তা আমাকে দেবেন। যে যত শক্তিশালীই হোক না কেন, আমার জীবনকে বাজি রেখে হলেও অন্যায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
সমাবেশে সাংসদ এম এ লতিফকে ইয়াবা, কোকেন ও সিগারেট ব্যবসায়ী বলে উল্লেখ করেন এ বি এম মহিউদ্দিন চৌধুরী। অন্যায়কারীদের বিচার হবে উল্লেখ করে তিনি বলেন, ‘অনেকে খোন্দকার মোশতাকের মতোই গোপনে-প্রকাশ্যে চক্রান্ত করছে। হুমকি প্রদর্শন করছে। হুমকি দিয়ে লাভ নেই।’
নাগরিক মঞ্চ, চট্টগ্রামের আহ্বায়ক এ কে এম বেলায়েত হোসেনের সভাপতিত্বে ও নগর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন, চট্টগ্রাম নগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন, সিটি করপোরেশনের কাউন্সিলর মোরশেদ আকতার চৌধুরী ও নীলু নাগ, নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ।
এর আগে গত ১৫ ফেব্রুয়ারি লালদীঘি ময়দানে সমাবেশ করে নাগরিক মঞ্চ। এ বি এম মহিউদ্দিন চৌধুরী ওই সমাবেশে বঙ্গবন্ধুর ছবি বিকৃত করার অভিযোগে সাংসদ এম এ লতিফকে ১৫ দিনের মধ্যে গ্রেপ্তার ও তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি জানান।
গত ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম সফরকে ঘিরে বঙ্গবন্ধুর ছবিসহ ফেস্টুন টাঙানো হয় নগরের বিভিন্ন এলাকায়। এসব ফেস্টুনে বঙ্গবন্ধুর ছবি বিকৃত করা হয়েছে বলে সাংসদ লতিফের বিরুদ্ধে অভিযোগ করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। পরে ৭ ফেব্রুয়ারি সাংসদ এম এ লতিফের উপস্থিতিতে বঙ্গবন্ধুর ছবি বিকৃত করার দায় স্বীকার করে ক্ষমা চেয়েছেন ফেস্টুন ও ব্যানার ছাপানোর দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের গ্রাফিক ডিজাইনার।