'লুটপাট বন্ধ না হলে অর্থনীতি ধ্বংস হয়ে যাবে'
রাষ্ট্রীয় অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে দেশের সব আর্থিক প্রতিষ্ঠানে ধস নেমেছে। অর্থনীতিতে চরম বিশৃঙ্খলা বিরাজ করছে। সর্বক্ষেত্রে লুটপাট চলছে। লুটপাট বন্ধ না হলে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে।
চট্টগ্রাম মহানগরের ৪১টি ওয়ার্ড ও ১৫টি থানা এলাকার নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।
গতকাল শনিবার দলীয় কার্যালয় নাসিমন ভবনে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সহসভাপতি শামসুল আলম। এতে প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন। মতবিনিময় সভায় অংশ নেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান ও মহানগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই সরকার শিক্ষকদের মর্যাদা দিতে জানে না। তিনি বলেন, শিক্ষার ওপর ভ্যাট কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না।
আমীর খসরু বলেন, ‘খালেদা জিয়া নির্দেশ দিয়েছেন দলকে তৃণমূল থেকে সুসংগঠিত করতে হবে। তাই সব ভেদাভেদ ভুলে দলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
শাহাদাত হোসেন বলেন, ‘আমরা অচিরেই মহানগরের প্রতিটি ইউনিট, ওয়ার্ড ও থানা এলাকায় দলকে সুসংগঠিত করার কার্যক্রম হাতে নেব। দলকে সুসংগঠিত করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।