'শান্তিপূর্ণ-নিয়মতান্ত্রিক' প্রতিবাদের সিদ্ধান্ত বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে দলীয় চেয়ারপারসনের সাজা হলে প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তবে দলটি বলছে এই কর্মসূচি হবে ‘শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক’। ইতিমধ্যে বিক্ষোভ মিছিল, সমাবেশের মতো কর্মসূচি পালনের ব্যাপারে একমতও হয়েছেন দলটির শীর্ষ নেতারা।

তবে রায়ের আগে কর্মসূচি নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত থাকছে না। রায় নেতিবাচক হলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্যরা মিলে কর্মসূচি ঘোষণা করবেন। বিএনপির সূত্র বলছে, কর্মসূচি দেওয়ার ব্যাপারে পুলিশের ধরপাকড় ও নির্যাতন এবং সরকারি দল আওয়ামী লীগের অবস্থানও ভাবাচ্ছে দলটিকে। নেতারা বলছেন, বিএনপি কোনো ফাঁদে পড়তে চায় না। এ কারণে এখন থেকেই পুরো পরিস্থিতি মূল্যায়ন করা হচ্ছে। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলের পর গত শনিবার প্রথম জাতীয় নির্বাহী কমিটির বৈঠক ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী, নির্বাহী কমিটির সভার পরপরই স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হতে হয়। গতকাল রোববার রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, স্থায়ী কমিটির শেষ বৈঠকটি যতটা না নিয়ম রক্ষার ছিল, তার চেয়ে বেশি ছিল নীতিনির্ধারণী। কারণ, খালেদা জিয়ার মামলার রায়ের আর মাত্র দুই দিন বাকি। রায় কী হবে, বিএনপির কর্মপরিকল্পনা কী হবে এবং সর্বোপরি উদ্ভূত পরিস্থিতি বিএনপি কীভাবে সামাল দেবে-এসব বিষয়ই ছিল স্থায়ী কমিটির বৈঠকের মূল আলোচ্য বিষয়।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির একাধিক সদস্যের সঙ্গে কথা বলা জানা গেছে, চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা হলে দলের পক্ষ থেকে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক উপায়ে প্রতিবাদ করবে বিএনপি, এটা ছিল বৈঠকের অন্যতম সিদ্ধান্ত। বৈঠকে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার ওপর যেমন জোর দেওয়া হয়েছে, তেমনি সরকারের ফাঁদে পা না দেওয়া এবং সহিংসতায় না জড়ানোর বিষয় নিয়েও কথা এসেছে। মামলার রায়কে ঘিরে কোনো ধরনের হঠকারী সিদ্ধান্ত না নিতে নেতাদের সতর্ক করেছেন।

এর আগে গত শনিবার জাতীয় নির্বাহী কমিটির সভায় খালেদা জিয়া দলের নেতা-কর্মীদের বিভিন্ন নির্দেশনা দেন। এসব নির্দেশনার মধ্যে বেশির ভাগই ছিল দলের নেতা-কর্মীদের মাথা ঠান্ডা রাখা, সরকারের ফাঁদে পা না দেওয়া, নিজ দল ভাঙার চেষ্টা না করা এবং সবাই মিলে ঐক্যবদ্ধ থাকা। তবে ওই দিন রুদ্ধদ্বার বৈঠকে দলের তৃণমূল নেতারা চেয়ারপারসনের উদ্দেশে যা বলেছেন, তাতে সব নেতার কথায় বারবার আন্দোলনের কথা এসেছে। তৃণমূলের নেতারা মনে করেন, সরকারের ধরপাকড়, মামলা-গ্রেপ্তারের কারণে বিএনপির অবস্থা এখন নাজেহাল। এই অবস্থায় নিজেদের অবস্থান জানান দিতে, তাঁরা রাজপথে আন্দোলনকেই একমাত্র পথ হিসেবে মনে করছেন।

জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘যদি অন্যায়ভাবে কোনো রায় হয়, তাহলে শান্তিপূর্ণভাবে আমরা এটার প্রতিবাদ করব।’ তিনি বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে রায় দেওয়া হলে আনুষ্ঠানিকভাবে শান্তিপূর্ণ কর্মসূচি দেওয়া হবে। নেতা-কর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খালেদা জিয়া জেলে থাকুন, বাইরে থাকুন, বিদেশে থাকুন-তিনি বিএনপির চেয়ারপারসন। এই বিষয়টি গঠনতন্ত্রে বলা আছে। যদি তিনি কোনো অসুবিধার কারণে কাজ করতে না পারেন, তখন সিনিয়র ভাইস চেয়ারম্যান গঠনতন্ত্র অনুসারে চেয়ারপারসনের দায়িত্ব পালন করবেন। চেইন অব কমান্ড থেকে কাজ হবে, এখানে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়ার কিছু নেই।

বিএনপি নেতা-কর্মীরা যতই শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক প্রতিবাদের কথা বলছেন, তাঁদের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার বন্ধ হচ্ছে না। আজ সোমবারের হিসাব বাদে গত ছয় দিনে ঢাকা ও ঢাকার বাইরে ৬৩৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ অবস্থায় বিএনপি মাঠে কতটুকু থাকতে পারবে, সে বিষয়টি নিয়ে এখন দলের মধ্যে আলোচনা হচ্ছে। এরই মধ্যে গ্রেপ্তার এড়াতে বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা সচেতনভাবে চলাফেরা করছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, আইন তার মতো করে, তার গতিধারায় চলবে। এখানে ন্যায়বিচার সবাই চায়। হয়তো খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ আছে, কিন্তু তিনি ন্যায়বিচার আশা করছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি মনে করি এখানে বিএনপির সংযত হওয়া উচিত, ধৈর্য ধরা উচিত। সরকারেরও উচিত খালেদা জিয়ার ব্যাকগ্রাউন্ড (সাবেক প্রধানমন্ত্রী) মাথায় রাখা। আমরা দেশে কোনো সংঘাত দেখতে চাই না।’