'শামীম ওসমানের নাম ভাঙিয়ে চাঁদাবাজি হচ্ছে'

নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা ও এর আশপাশের এলাকায় স্থানীয় সাংসদ শামীম ওসমানের নাম ভাঙিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও অপকর্ম হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকার স্বতন্ত্র সাংসদ হাজি সেলিম।
গতকাল শনিবার বিকেলে পাগলা বাজার বহুমুখী বণিক সমিতির বার্ষিক সাধারণ সভায় শামীম ওসমানের উপস্থিতিতেই হাজি সেলিম এসব অভিযোগ করেন। তিনি শামীম ওসমানকে কঠোর হওয়ার পরামর্শও দেন।
হাজি সেলিম সভায় বলেন, ইদানীং অনেকেই তাঁর কাছে অভিযোগ করেন যে শামীম ওসমানের ‘লোক’ পরিচয়ে বিভিন্ন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করা হয়। এতে করে শামীম ওসমানের মতো একজন সাংসদের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তিনি জানান, পাগলাতে তাঁর (হাজি সেলিমের) ব্যবসা রয়েছে। তিনি স্থানীয় সাংসদ হিসেবে শামীম ওসমানের কাছে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
পাগলায় হাজি সেলিমের মদিনা গ্রুপের ব্যবসা রয়েছে।
শামীম ওসমান তাঁর বক্তব্যে সন্ত্রাসীদের বিরুদ্ধে নিজের কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, ‘কোনো ধরনের ভূমিদস্যু, চাঁদাবাজ, সন্ত্রাসকে আমি সমর্থন দিই না। যদি কেউ আমার নাম ভাঙিয়ে এসব করে আর আমি যদি ধরতে পারি, তাহলে তার রেহাই নেই। সে যদি আমার দলেরও হয়, এমন শাস্তি দেওয়া হবে যাতে অন্যরা ভীত হয়। কারণ, আমি সন্ত্রাস, ইভ টিজার, মাদক ব্যবসায়ী, ভূমিদস্যুকে কোনোভাবেই প্রশ্রয় দেব না।’
সভায় শামীম ওসমান প্রধান অতিথি ও হাজি সেলিম বিশেষ অতিথি ছিলেন।