'শিক্ষকদের দাবির প্রতি বিএনপি সহানুভূতিশীল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবির প্রতি সহানুভূতিশীল বলে মন্তব্য করেছেন দলটির মুখপাত্র আসাদুজ্জামান রিপন। তিনি বলেছেন, তাঁদের কর্মসূচির প্রতিও বিএনপির পূর্ণ সমর্থন আছে। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট প্রত্যাহারেরও দাবি জানান।
গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি ভবিষ্যতে সরকার গঠনে সক্ষম হলে শিক্ষকদের প্রকৃত মর্যাদা দেওয়া হবে।
আসাদুজ্জামান বলেন, ‘শিক্ষক সমাজ তাঁদের দাবিগুলো আদায়ে যে আন্দোলনের কর্মসূচি দিয়েছেন, তার প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। তবে শিক্ষকদের যাতে কর্মবিরতি পালন করতে না হয়, ক্লাস-পরীক্ষা গ্রহণে অস্বীকৃতি জানাতে না হয়, সে জন্য সরকার শিক্ষকদের দাবি মেনে নেবে বলে আমরা বিশ্বাস করি।’
শিক্ষকদের আন্দোলন নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যকে শিষ্টাচারবহির্ভূত আখ্যা দিয়ে তাঁকে বরখাস্ত করার দাবি জানান বিএনপির মুখপাত্র। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন, সরকারের শিক্ষা সংকোচন নীতি ও বাণিজ্যিকীকরণের নীতি মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী।