'শিবির কর্মী'কে চাকরি দিতে এত কিছু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংসদের হাতে ফুল দিয়ে আবুল কাসেমের আওয়ামী লীগে যোগদান। ছবি: প্রথম আলো
সাংসদের হাতে ফুল দিয়ে আবুল কাসেমের আওয়ামী লীগে যোগদান। ছবি: প্রথম আলো

বগুড়ার শেরপুরে বঙ্গবন্ধুর ৩৯তম শাহাদাত বার্ষিকীর স্মরণসভায় স্থানীয় ছাত্রশিবির ও বিএনপির বেশ কিছু কর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

অভিযোগ উঠেছে, ছাত্রশিবিরের কর্মী আবুল কাসেমকে স্থানীয় বিশ্বা উচ্চবিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার প্রস্তুতি হিসেবে তাঁকে আওয়ামী লীগের কর্মী বলে পরিচিত করাতেই এই ‘নাটক’ সাজানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেছেন, অনুষ্ঠান আয়োজনের সব খরচাপাতি আবুল কাসেম দিয়েছেন। তবে আবুল কাসেম এ কথা অস্বীকার করেছেন।

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ভবানীপুর বাজারে স্মরণসভার আয়োজন করে ভবানীপুর ইউনিয়ন আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ হাবিবর রহমান। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে সাংসদের হাতে ফুল দিয়ে কিছু ব্যক্তি আওয়ামী লীগে যোগ দেন। বিএনপি ও ছাত্রশিবিরের শতাধিক ব্যক্তি আওয়ামী লীগে যোগ দেন বলে আয়োজকেরা দাবি করেন। তবে অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকা এই প্রতিবেদকের মনে হয়েছে প্রকৃতপক্ষে সেই সংখ্যা ২০-৩০ জনের বেশি হবে না।
ভবানীপুর ইউনিয়ন আওয়ামী লীগের স্থানীয় একাধিক নেতার অভিযোগ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, বিশ্বা উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও আওয়ামী লীগের নেতা গোলাম রব্বানীর নেতৃত্বে এই যোগদান নাটক সাজানো হয়েছে।
তাঁরা বলছেন, আসলে আবুল কালাম আজাদ ও গোলাম রব্বানী মোটা টাকার বিনিময়ে আবুল কাসেমকে বিশ্বা উচ্চবিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক পদে চাকরি দিতে চাইছেন। তাঁকে আওয়ামী লীগের কর্মী হিসেবে উল্লেখ করতেই যোগদানের এই কৌশল নিয়েছেন ওই দুজন নেতা। আবুল কাসেমের সঙ্গে যাঁরা আওয়ামী লীগে যোগ দিয়েছেনম, তাঁরা আবুল কাসেমের আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ লোক।
বিশ্বা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তপন কুমার সরকার বলেছেন, আবুল কাসেম তাঁর স্কুলে ধর্মীয় শিক্ষক পদে চাকরির জন্য আবেদন করেছেন। এই পদে আগামী রোববার (১৭ আগস্ট) নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ ব্যাপারে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ আজ শুক্রবার প্রথম আলোকে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে তাঁরা আওয়ামী লীগে যোগদান করেছেন। তিনি জেনেছেন আবুল কাসেম কখনোই ছাত্রশিবির করেননি।
আবুল কালাম আজাদ স্বীকার করেন, তিনি আবুল কাসেমের চাকরির জন্য তিনি বিদ্যালয়ে সুপারিশ করেছেন। তবে এ জন্য তিনি কোনো টাকা-পয়সা নেননি বলে দাবি করেন।
ভবানীপুর ইউনিয়ন জামায়াতের একজন কর্মী পরিচয় দিয়ে বিশ্বা গ্রামের বাসিন্দা মোজাম্মেল হক বলেন, আবুল কাসেম শেরপুর শহীদিয়া আলিয়া মাদ্রাসায় পড়ার সময় ছাত্রশিবির করেছেন। বিশ্বা স্কুলে চাকরি নেওয়ার জন্যই তিনি আওয়ামী লীগে যোগদান করেছেন।

এ ব্যাপারে আবুল কাসেমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, তিনি মাদ্রাসায় লেখাপড়া করেছেন। তবে ছাত্রশিবির করেননি বলে তিনি দাবি করেন।
কৃষক দল থেকে যোগদানকারী দুলাল প্রামাণিক বলেন, এখন থেকে তিনি বঙ্গবন্ধুর আদর্শের দল করবেন।

ভবানীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মির্জা মালেক বলেন, গত বছর সরকারবিরোধী আন্দোলনের আবুল কাসেম জামায়াতের কর্মসূচিগুলোতে নাশকতামূলক তত্পরতা চালিয়েছিলেন। দলীয় দুই নেতা ব্যক্তিগত স্বার্থের জন্য শিবির কর্মীসহ অন্যদের আওয়ামী লীগে যোগদান করিয়েছেন। এতে স্থানীয়ভাবে দলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ যোগদান নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব বলেন, মূলত আওয়ামী লীগ করার উদ্দেশ্যে এই যোগদান নয়। ভবানীপুরের কতিপয় নেতার ব্যক্তি স্বার্থের ঘটনা রয়েছে বলে তিনি জেনেছেন।

এ প্রসঙ্গে সাংসদ হাবিবর রহমান বলেন, ‘জামায়াত-শিবিরকে আমরা ইনসাল্ট করি না। জামায়াত যদি আসে দোষ কী? আমাদের দলে আসতেছে এটাই বড় কথা। পার্টিতে আমরা পরে তাদের কতটুকু দেখব, সেটা পরের কথা।’ তবে তিনি বলেন, যোগদানের সময় বলা হয়েছিল তাঁরা বিএনপি থেকে যোগদান করছেন।