'শৃঙ্খলা ভঙ্গকারী' দুই নেত্রী সম্পর্কে সতর্ক থাকার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর মহিলা আওয়ামী লীগের নাম ভাঙিয়ে দুই নেত্রী সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত রয়েছেন বলে অভিযোগ এনেছেন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তাঁরা বলেন, নমিতা আইচ ও রেখা আলম সংগঠনের ভেতরে শৃঙ্খলাবিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন। তাঁরা নিজেদের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিচ্ছেন।

 নগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা চৌধুরী বিবৃতিতে নমিতা আইচ ও রেখা আলমের সম্পর্কে সর্বস্তরের নেতা-কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন। গত ১৪ ফেব্রুয়ারি মহিলা আওয়ামী লীগের সম্মেলনের পরদিন পাল্টা কমিটি ঘোষণা করেছিলেন তাঁরা। পাল্টা কমিটিতে নমিতা আইচকে সভাপতি ও রেখা আলমকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল।

বিবৃতিতে বলা হয়, দুজন নেত্রী দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে চলেছেন। এই বর্ণচোরা নিষ্ক্রিয় বিভেদকারী নেতাদের সঙ্গে চট্টগ্রাম নগর মহিলা আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই।

মহিলা আওয়ামী লীগের বিবৃতি সম্পর্কে রেখা আলম প্রথম আলোকে বলেন, ‘নগর মহিলা আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ডে আমাদের ডাকা হয় না। তাই আমরা পাল্টা কমিটি করেছি। এই কমিটির সভাপতি নমিতা আইচ এবং আমি সাধারণ সম্পাদক।’

এক প্রশ্নের জবাবে রেখা আলম বলেন, ‘আমাদের কমিটির অনুমোদন নেই। তবে আমরা এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি।’