'শেখ হাসিনা যা বলেন, এরশাদও তাই বলেন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, শেখ হাসিনা আর এরশাদ এক খুঁটিতে বাঁধা। শেখ হাসিনা যা বলেন, এরশাদও তাই বলেন ও করেন। শুধু মাঝে মাঝে এরশাদ সরকারের বিষোদ্‌গার করে তাঁর (এরশাদ) দলকে বিরোধী দল হিসেবে জানান দেওয়ার চেষ্টা করেন। 


রংপুরে আজ বৃহস্পতিবার দুপুরে জেলা ও মহানগর বিএনপির সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন করতে এসে প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর এসব কথা বলেন। তিনি আরও বলেন, দেশে শেখ হাসিনার নেতৃত্বে আর নির্বাচন হবে না। দেশের মানুষ সুষ্ঠুভাবে ও নিরাপদে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার সুযোগ পেলে বিএনপি ক্ষমতায় আসবে। এটা আওয়ামী লীগ বুঝে গেছে। এ জন্য বিএনপিকে নির্বাচনের বাইরে রাখতে নানা ষড়যন্ত্র করা হচ্ছে। কিন্তু তারা সফল হবে না।

মহানগর বিএনপির সভাপতি মোজাফফর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সদস্য আমিনুল ইসলাম, নুর মোহাম্মদ মণ্ডল, সাহিদা রহমান, জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক রইচ আহমেদ।

সদস্য সংগ্রহ উপলক্ষে কর্মী সমাবেশে সকাল ১০টা থেকেই রংপুর টাউন হল চত্বরে বিভিন্ন উপজেলা ও জেলা এবং মহানগরের বিএনপির নেতা-কর্মীরা আসতে থাকেন। দুপুর সাড়ে ১২টায় টাউন হল মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন শেষে টাউন হলে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

এদিকে এই কার্যক্রম উদ্বোধনের আধা ঘণ্টা আগে সমাবেশস্থল থেকে প্রায় ১০০ গজ দূরে টাউন হলের এক কোণে লাল টেপ দিয়ে মোড়ানো বোমাসদৃশ দুটি বস্তু উদ্ধার করা নিয়ে সাময়িক উত্তেজনা দেখা দেয়। এরপর এই দুটি বস্তু পুলিশ উদ্ধার করে পানির বালতিতে করে নিয়ে যায়।

বোমাসদৃশ দুটি টিনের কৌটা উদ্ধার প্রসঙ্গে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম বলেন, কৌটা দুটির ভেতর ইটের গুঁড়া পাওয়া গেছে। আতঙ্ক ছড়ানোর জন্য কেউ এটি করেছে বলে তিনি মনে করেন।