আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ঘূর্ণিঝড় মোরার আঘাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তায় আমরা উপকূলে চলে এসেছি। কিন্তু খালেদা জিয়া ও তাঁর দল কখন আসবে? শুধু ঢাকায় বসে বড় বড় কথা বলে আর ফটোসেশন করে তারা। শেখ হাসিনার সরকার ফটোসেশন করে না। আমরা ক্ষতিগ্রস্ত মানুষকে ত্রাণ দিচ্ছি।’
গতকাল শুক্রবার দুপুরে ঘূর্ণিঝড় মোরার আঘাতে ক্ষতিগ্রস্ত কক্সবাজারের টেকনাফে শাহপরীর দ্বীপ এলাকায় ত্রাণ বিতরণের সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে ত্রাণ বিতরণের জন্য গত বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার আসে আওয়ামী লীগের ১১ সদস্যের ত্রাণ কমিটি।
গতকাল সকাল সাড়ে আটটায় কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ড সমিতিপাড়ায় ত্রাণ বিতরণের মাধ্যমে কর্মসূচি শুরু করেন ওবায়দুল কাদের। তিনি সমিতিপাড়ায় ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবারের মধ্যে ১০ কেজি চাল ও ১ হাজার টাকা করে বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, স্থানীয় সাংসদ সাইমুম সরওয়ার, আশেক উল্লাহ, পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান চৌধুরী প্রমুখ।
সেতুমন্ত্রী দুপুরে কক্সবাজার থেকে ত্রাণসামগ্রী বিতরণের জন্য যান টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপে। বেড়িবাঁধ না থাকায় দীর্ঘ আড়াই বছর ধরে দ্বীপের প্রায় ৪০ হাজার মানুষ জোয়ার-ভাটার কবলে রয়েছেন।
দুপুরে তিনি শাহপরীর দ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবারের মধ্যে ২০ কেজি চাল ও ১ হাজার টাকা করে বিতরণ করেন। এ সময় উপস্থিত হাজারো মানুষ চিৎকার দিয়ে বলেন, ‘আমরা ত্রাণ চাই না, ভাঙা বেড়িবাঁধের সংস্কার চাই। বিধ্বস্ত ঘরবাড়ি নতুন করে তৈরি চাই।’
মন্ত্রী বলেন, শাহপরীর দ্বীপের ভাঙা বেড়িবাঁধ সংস্কারের জন্য শেখ হাসিনা ১০৬ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। কয়েক মাসের মধ্যে এ কাজ শুরু হবে। তখন টেকনাফ-শাহপরীর দ্বীপের ভাঙা সড়কও ঠিক করে দেওয়া হবে।
টেকনাফ থেকে এসে সন্ধ্যায় কক্সবাজার শহরের হিল ডাউন সার্কিট হাউস মিলনায়তনে ঘূর্ণিঝড় মোরা মোকাবিলার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন সেতুমন্ত্রী। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন না করা পর্যন্ত ত্রাণ তৎপরতা চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
এদিকে জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে একটি দল গতকাল কুতুবদিয়া উপজেলার ক্ষতিগ্রস্ত চার হাজার পরিবারের মধ্যে ৩০ মেট্রিক টন চাল ও ১০ হাজার টাকা বিতরণ করেন।