'শেখ হাসিনার হাতে আ.লীগের পতাকা দেওয়া সঠিক সিদ্ধান্ত ছিল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা ১৯৮১ সালে দেশে ফিরে আসার কারণেই যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। শেখ হাসিনা আসার কারণেই বঙ্গবন্ধুর খুনিদের শাস্তি হয়েছে। তিনি ফিরে এসে দেশের মানুষের পাশে দাঁড়ানোর কারণেই আজ দেশ উন্নয়ন ও অগ্রযাত্রার পথে আছে। শেখ হাসিনার হাতে আওয়ামী লীগের পতাকা তুলে দিয়ে দলের নেতা-কর্মীরা ভুল করেননি—এটা আজ প্রমাণিত।

শেখ হাসিনার ৩৭তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় দলটির নেতারা এভাবেই দিবসটিকে স্মরণ করলেন। রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই দিনের কথা স্মরণ করে দলটির উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘আমরা ঐক্যের প্রতীক হিসেবে শেখ হাসিনার হাতে আওয়ামী লীগের পতাকা তুলে দিয়েছিলাম। আজ আমরা গর্ব করতে পারি, আমরা সেদিন সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম।’

দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, শেখ হাসিনা ছাড়া বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার হতো না। তিনি না থাকলে যুদ্ধাপরাধীদের বিচারও হতো না—এটা প্রমাণিত হয়েছে। শেখ হাসিনা আলোর পথযাত্রী। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশকে স্বাধীন করে বঙ্গবন্ধু এ দেশে রাজনৈতিক ধারা (লিগ্যাসি) সৃষ্টি করে গেছেন। তাঁর মৃত্যু হবে না। শেখ হাসিনাও দেশে উন্নয়ন ও অগ্রগতির একটি ধারা সৃষ্টি করেছেন। তাঁরও মৃত্যু হবে না।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, তিনি ২২ বছর পরবাসী ছিলেন। এই পরবাসের যে নির্যাতন, তা খুবই কঠিন। শেখ হাসিনাও সেই পরবাসের নির্যাতন ভোগ করেছেন।

দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ারবলেন, গণমাধ্যম রক্ষণশীলতায় ভুগছে। সরকারের পক্ষে লিখলে চলবে না—এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। খারাপ হলে খারাপ তুলে ধরতে হবে। আর ভালো হলে সেটাও বলতে হবে।