'শ্মশানের জায়গা' দখলের চেষ্টা, আ.লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ

বগুড়ার শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিন্দু সম্প্রদায়ের ‘মহাশ্মশানের জায়গা’ দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
মহাশ্মশানটি রক্ষার দাবিতে হিন্দু সম্প্রদায়ের কয়েক শ মানুষ উপজেলা সদরে গত শনিবার বেলা ১১টা থেকে প্রায় এক ঘণ্টা মানববন্ধন করেন। পরে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেন।
এদিকে গতকাল রোববার সংবাদ সম্মেলন ডেকে শশ্মানের জায়গা দখলের অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক।
শনিবার স্মারকলিপি পাওয়ার সত্যতা নিশ্চিত করে ইউএনও আমিনুর রহমান বলেন, নথি অনুযায়ী জায়গাটি একসময় খাস সম্পত্তি হলেও এখন ২৫ শতাংশ শ্মশানের নামে রেকর্ড রয়েছে। তবে করতোয়া নদী ভরাট হয়ে কিছু জায়গা বাড়তে পারে। সেটা হয়ে থাকলে শ্মশানের জায়গা বাদে অবশিষ্ট জায়গা খাসভূমি হিসেবে গণ্য হবে। তবে জায়গাটা শ্মশান বা খাস যে ধরনেরই হোক না কেন, আওয়ামী লীগের সভাপতির তা দখলের এখতিয়ার নেই। তিনি আরও বলেন, জায়গাটি মাপজোখ করা হবে। এর আগ পর্যন্ত সেখানে কোনো পক্ষ যেন যেতে না পারে, সে জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
বানাইল কেন্দ্রীয় বারোয়ারী শিবমন্দির ও শ্মশান সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র সরকার বলেন, আজিজুল জায়গা দখলের চেষ্টা করছেন। প্রায় দুই সপ্তাহ ধরে তিনি শ্রমিক দিয়ে মাটি ফেলে জায়গা ভরাট করছেন। দুলাল চন্দ্র আরও বলেন, ‘এতে বাধা দেওয়ায় আমাকেসহ হিন্দু সম্প্রদায়ের অন্য লোকজনকে ভয়ভীতি ও দেশছাড়া করার হুমকি দেওয়া হচ্ছে।’
গতকাল উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আজিজুল বলেন, ‘যে জায়গায় মাটি ভরাট করছি, সেটা শশ্মানের নয়; খাস সম্পত্তি। ওসমান মোল্লা নামের একজন জায়গাটা লিজ নিয়েছেন। তাঁর কাছ থেকে চার শতক জায়গা বায়নাপত্রের মাধ্যমে কিনে তাতে মাটি ভরাট করছি। এটা শশ্মানের নামে রেকর্ডভুক্ত ২৫ শতাংশ সীমানার বাইরে। স্থানীয় একটি কুচক্রী মহল আমাকে রাজনৈতিকভাবে হেয় করতে হিন্দু সম্প্রদায়ের লোকজনকে উসকে দিয়েছেন।’
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সংখ্যালঘুদের ধর্মীয় কাজে ব্যবহৃত জায়গার ওপর আমার কোনো জোরজবরদস্তি নেই। কাউকে ভয় দেখানোর অভিযোগও সত্য নয়।’