গয়েশ্বরকে গ্রেপ্তার 'অবৈধ' সরকারের প্রতিহিংসার বহিঃপ্রকাশ: খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে গ্রেপ্তারের ঘটনাকে ‘অবৈধ’ সরকারের প্রতিহিংসার বহিঃপ্রকাশ উল্লেখ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ শুক্রবার গয়েশ্বর চন্দ্র রায়কে গ্রেপ্তারের প্রতিবাদে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খালেদা জিয়া এই নিন্দা করেন। ভোর ছয়টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরী রোডের বাসা থেকে গয়েশ্বর চন্দ্র রায়কে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা আটক করেন। এর পাঁচ ঘণ্টা পর বেলা ১১টায় খালেদা জিয়া এ বিবৃতি দেন। তিনি অবিলম্বে গয়েশ্বর চন্দ্র রায়ের মুক্তি দাবি করেন।
বিবৃতিতে খালেদা জিয়া বলেন, ‘বর্তমান ভোটারবিহীন সরকার শেষ মরণকামড় দেওয়ার জন্য বিএনপির নেতা-কর্মীদের ওপর দমন-পীডনের তীব্রতা বৃদ্ধি করেছে। কারণ ক্ষমতা জবরদখলকারী এই অবৈধ সরকার কোনোভাবেই জনগণকে কাছে টানতে না পেরে বীভৎস প্রতিহিংসায় মেতে উঠেছে। সেই প্রতিহিংসার সর্বশেষ বহিঃপ্রকাশ ঘটল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে গ্রেপ্তারের মধ্য দিয়ে।’
গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেলের বাসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশির ঘটনারও নিন্দা জানান খালেদা জিয়া।

খালেদা জিয়া বলেন, ‘আদালতে আমার হাজিরাকে কেন্দ্র করে গত ২৪ ডিসেম্বর বকশীবাজার এলাকায় বিএনপি নেতা-কর্মীদের ওপর আওয়ামী সশস্ত্র পান্ডারা যেভাবে পৈশাচিক হামলা করে, তাতে মনে হয় এই অবৈধ সরকার এক বর্বর হিংসাযুদ্ধে লিপ্ত হয়ে পড়েছে। এই যুদ্ধে তাঁরা মূলত জনগণকেই প্রতিপক্ষ বানিয়েছে। সব দেখে-শুনে মনে হয়, এই সন্ত্রাসী দুঃশাসনের প্রধান মুখপাত্র হচ্ছেন স্বয়ং বর্তমান অবৈধ সরকারের প্রধান।’

বিবৃতিতে বিএনপির চেয়ারপারসন সরকারকে হুঁশিয়ার করে বলেন, মিছিলে মিছিলে সংগ্রামী জনগণ এখন শৃঙ্খল ভেঙে এই অবৈধ ক্ষমতাসীনদের ক্ষমতাবিলাসের যবনিকাপাত ঘটাতে ধেয়ে আসছে।

বকশীবাজারের ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত না করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু, বিএনপির নেতা হাবিব উন নবী খান, আজিজুল বারীসহ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয় বিবৃতিতে।