ফেনীর ছাগলনাইয়া পৌর নির্বাচনে ব্যাপক অনিয়ম, কেন্দ্র দখল ও জাল ভোট দেওয়ার অভিযোগ করেছেন বিএনপির মেয়র পদপ্রার্থী মো. আলমগীর। তিনি এ নির্বাচন বাতিল করে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা করার দাবি জানান। গতকাল বুধবার বেলা ১১টার দিকে নিজ বাড়ির সামনে সাংবাদিকদের কাছে তিনি এই দাবি করেন।
মো. আলমগীর বলেন, বহিরাগত সন্ত্রাসীরা তাঁকেও ভোট দিতে দেয়নি। ভোটকেন্দ্রে যাওয়ার পথে তাঁকে বাধা দেওয়া হয়। পথে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। তিনি বলেন, ‘যেখানে বহিরাগত সন্ত্রাসী দিয়ে মেয়র প্রার্থীকেও ভোটকেন্দ্রে যেতে দেওয়া হয় না, সেখানে কোনো নির্বাচনই হচ্ছে বলে মনে করি না। আমি এ জালিয়াতির নির্বাচন বাতিল করে পুনঃ তফসিল ঘোষণার দাবি জানাচ্ছি।’
তবে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. মোস্তফা বিএনপির প্রার্থীর অভিযোগ অস্বীকার করে বলেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।