'সভা ডাকো একসময় আসো আরেক সময়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তোমরা এখনো সুশৃঙ্খল বাহিনী হতে পারনি। তোমরা সভা ডাকো একসময়, আসো আরেক সময়। তোমরা হানাহানি ও বিদ্বেষ করবে না। সংবাদপত্রে কোনো নিউজ যেন না হয়। কোথাও মারপিট হলে ছাত্রলীগের দোষ হয়, এটা আদর্শ সংগঠন, এই সংগঠন একাত্তরে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। এই সংগঠনের নামে কোনো বদনাম হলে মনে ব্যথা লাগে।’ গতকাল বুধবার দুপুরে চট্টগ্রামের শহীদ মিনার প্রাঙ্গণে ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এসব মন্তব্য করেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
চট্টগ্রাম ছাত্রলীগের সভাপতি ইমরান আহম্মেদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। অনুষ্ঠান পরিচালনা করেন চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম।
মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘তোমরা বিশ্ববিদ্যালয়ে মারামারি করো কেন? তোমরা খুনোখুনি করবে না। কলেজ-বিশ্ববিদ্যালয়ের পাশে যাদের বাসা তারা নাকি রাতে ঘুমাতে পারে না, খালি গোলাগুলির শব্দ হয়। এসব করার পর যদি আমরা ভোট চাইতে যাই মানুষের কাছে তাহলে মানুষ তো ভোট দেবে না, ঝাঁটা দিয়ে পেটাবে।’ মহিউদ্দিন চৌধুরী এরপর মাইক্রোফোন থেকে সরে গিয়ে সাংবাদিকদের বলেন, ‘কাক্কু, এই কথাগান ন লেইখ্য বাজি।’ অর্থাৎ চাচা, এই কথাটা লিখবে না।
সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ছাত্রলীগ নীতি-নৈতিকতার আদর্শিক সংগঠন। ছাত্রলীগ নেতাদের বিষয়টি স্মরণ রেখে কাজ করতে হবে।
অনুষ্ঠানে মহিউদ্দিন চৌধুরী ও আ জ ম নাছির একসঙ্গে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
শহীদ মিনারের কর্মসূচির শেষে সিটি মেয়র নাছির নগরের জে এম সেন হলে আয়োজিত ছাত্রলীগের আরেকটি কর্মসূচিতে অংশ নেন। মহানগর ছাত্রলীগের ব্যানারে এই কর্মসূচি পালন করা হলেও এতে মেয়রের অনুসারী নেতা-কর্মীরা অংশ নেন। সেখানে ছাত্রলীগের বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন মেয়র। শোভাযাত্রার নেতৃত্ব দেন মেয়রের অনুসারী নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ।
ছাত্রলীগের কর্মসূচির কারণে নগরের মোমিন রোড, আন্দরকিল্লা, শহীদ মিনার, লালদীঘি ও কোতোয়ালি মোড় এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন যানবাহনের যাত্রী ও পথচারীরা।
এদিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের কাপ্তাই রাস্তার মাথা এলাকায় সড়কের ওপর মঞ্চ করে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে চান্দগাঁও থানাধীন ৫ নম্বর মোহরা ওয়ার্ড ছাত্রলীগ। এতে সড়কের একপাশে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। সড়কে সভা করার বিষয়ে নগর ছাত্রলীগের নেতা দেলোয়ার হোসেন বলেন, ‘আমরা পুলিশের কাছ থেকে লিখিত অনুমতি নিয়েই এই সভা করেছি।’