'সভাপতি' পদ ধরে রাখতে সেলিম ওসমানের কৌশল
সংগঠনের প্রধান কার্যালয় ‘বিকেএমইএ কমপ্লেক্স’ নির্মাণের অজুহাত দেখিয়ে নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি পদে আরও ছয় মাস থাকার ব্যবস্থা করে নিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমান। ছয় বছর ধরে তিনি এই সংগঠনের সভাপতি পদে আছেন। আইন অনুযায়ী এবার তাঁর পদ ছাড়ার বাধ্যবাধকতা ছিল।
সেলিম ওসমানের নেতৃত্বাধীন বিকেএমইএর বর্তমান কমিটির আবেদনের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় গত ১৪ আগস্ট এই কমিটির মেয়াদ ছয় মাস বৃদ্ধি করে। কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা কাল ২১ সেপ্টেম্বর। সে জন্য ২০১৬-১৮ সময়ের জন্য সংগঠনের পরিচালনা পর্ষদের নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছিল। তবে মেয়াদ বৃদ্ধির বিষয়টি মন্ত্রণালয় অনুমোদন করার আগেই গত ৭ আগস্ট বিকেএমইএ নির্বাচনের কার্যক্রম তড়িঘড়ি করে ‘আপাতত স্থগিত’ করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে সংগঠনটির একাধিক সাবেক ও বর্তমান নেতা অভিযোগ করে বলেন, সাংসদ সেলিম ওসমান বিকেএমইএর সভাপতি পদটি আঁকড়ে রাখতে চান। সে জন্য তিনি একটি কৌশল করে কমিটির মেয়াদ বাড়িয়ে নিয়েছেন। একই সঙ্গে নির্বাচন-প্রক্রিয়াও বন্ধ করে দিয়েছেন।
নিজেদের প্রধান কার্যালয় নির্মাণের জন্য এক দশকের বেশি সময় আগে নারায়ণগঞ্জের চাষাঢ়ার নবাব সলিমুল্লাহ রোডে ১৫ দশমিক ৬২ শতাংশ জমি কিনেছিল বিকেএমইএ। ২০০৬ সালের ২৭ এপ্রিল তৎকালীন অর্থমন্ত্রী সাইফুর রহমান বিকেএমইএ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তবে শেষ পর্যন্ত ভবনটির নির্মাণকাজ শুরু হয়নি। গত ১ জুলাই আবারও ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের আয়োজন করেন সেলিম ওসমান।
খোঁজ নিয়ে জানা যায়, সভাপতি সেলিম ওসমানের নির্দেশে গত জুলাই মাসে একটি আবেদনে সদস্যদের স্বাক্ষর নেয় বিকেএমইএ। সেই আবেদনের শিরোনামে লেখা ছিল, ‘বিকেএমইএ কমপ্লেক্স’ তৈরির জন্য সাংসদ সেলিম ওসমানের নেতৃত্বাধীন বিকেএমইএর বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ ২০১৮ সালের ২১ মার্চ পর্যন্ত বৃদ্ধির আবেদন। সদস্যদের স্বাক্ষর-সংবলিত আবেদনটি গত ২ আগস্ট বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়। এ সময় বিকেএমইএর সভাপতি আরেকটি আবেদন দেন মন্ত্রণালয়ে। এতে তিনি বিকেএমইএর কমপ্লেক্স তৈরির জন্য সদস্যদের আবেদন ও সংগঠন হিসেবে বিকেএমইএর আন্তর্জাতিক পরিচিতি, চলমান দীর্ঘমেয়াদি, ব্যয়বহুল ও ধারাবাহিক তদারকি এবং পরিকল্পনার উন্নয়ন কার্যক্রমগুলো নিট পোশাক খাতের স্বার্থে চলমান রাখতে সংগঠনের বর্তমান কমিটির মেয়াদ ১৮ মাস বৃদ্ধি করতে অনুরোধ করেন।
বিকেএমইএর সাবেক এক নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, বর্তমান সভাপতি ধরেই নিয়েছিলেন তাঁর কমিটির মেয়াদ বাড়ছে। সে জন্য মন্ত্রণালয় অনুমোদন দেওয়ার আগেই তিনি নির্বাচন স্থগিত করে দিয়েছেন।
বাণিজ্য সংগঠন আইন ১৯৬১ অনুযায়ী, কোনো বাণিজ্য সংগঠনের সভাপতি বা অন্য পদে থাকা ব্যক্তি বা পুরো কার্যনির্বাহী কমিটির সদস্যরা টানা ছয় বছর থাকতে পারবেন। তারপর এক মেয়াদ তিনি কমিটির বাইরে থাকবেন। তবে যৌক্তিক কারণ থাকলে বাণিজ্য মন্ত্রণালয় কমিটির মেয়াদ বৃদ্ধি করতে পারবে।
ভবন নির্মাণের জন্য বিকেএমইএর কমিটির মেয়াদ বৃদ্ধি করার বিষয়টি যৌক্তিক কি না জানতে চাইলে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন ৬ সেপ্টেম্বর প্রথম আলোকে বলেন, মন্ত্রণালয় এটিকে যৌক্তিক কারণ মনে করেছে। কারণ, বর্তমান কমিটি এই প্রকল্পটি নিয়েছে। তারা থাকলে কাজটি শেষ করতে সুবিধা হবে। ভবন নির্মাণের জন্য তহবিল সংগ্রহের একটি বিষয়ও তো আছে। তা ছাড়া সংগঠনের কোনো সদস্যই কমিটির মেয়াদ বৃদ্ধি করার বিষয়ে দ্বিমত করেননি।
একই কারণে ভবিষ্যতে বিকেএমইএর বর্তমান কমিটির মেয়াদ বাড়ানো হবে কি না সে বিষয়ে হেদায়েতুল্লাহ আল মামুন বলেন, ‘মনে হয়, সময় আর বাড়ানো হবে না।’
কমিটির মেয়াদ বাড়ানোর বিষয়ে জানতে চাইলে বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘এটি আমার ডিমান্ড (চাহিদা) নয়। আপনি বিশ্বাস করেন, আমি যদি এখানে না থাকতে পারতাম, তবে বাঁচতাম। আমার বয়স হয়েছে।’
সেলিম ওসমান আরও বলেন, ‘সংগঠনের ঢাকা কার্যালয়ের জন্য স্পেস (জায়গা) আমি কিনেছি। তখন আমি নিজে দুই কোটি টাকা দিয়েছি। তিন কোটি টাকার তহবিল সংগ্রহ করেছি। নারায়ণগঞ্জ প্রেসক্লাবে বর্তমানে বিকেএমইএর প্রধান কার্যালয় যেটি আছে, সেটির স্পেসও আমি কিনেছি। সে জন্য আমার প্রতি সংগঠনের সদস্যদের বিশ্বাস আছে। কারণ, আমি কখনো কারও ওপর প্রেসিডেন্টগিরি করি না। আমাকে কখনো টক শোতে দেখবেন না। আমি বিভিন্ন বিভাগ অনুযায়ী সংগঠনের সহসভাপতি ও পরিচালকদের কাজ ভাগ করে দিয়েছি।’ তিনি বলেন, ‘সংগঠনের সদস্যদের বিশ্বাস, আমি থাকলে বিকেএমইএ কমপ্লেক্সটি শিগগিরই নির্মিত হবে। সে জন্যই মেয়াদ বৃদ্ধির আবেদন করা হয়েছে।’
তবে বিকেএমইএর একজন সাবেক নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ভবন নির্মাণ তো ছয় মাসের মধ্যে হবে না। সে জন্য কমপক্ষে দুই বছর সময় দরকার। তা ছাড়া ভবন নির্মাণ সংগঠনের একটি রুটিন ওয়ার্ক (নিয়মিত কাজ)। এটি কোনোভাবেই কমিটির মেয়াদ বৃদ্ধির জন্য যৌক্তিক কারণ হতে পারে না। মূলত বর্তমান সভাপতি নিজের মেয়াদ বাড়াতেই এমন একটি কৌশল নিয়েছেন।