'সময় ফুরাবার' আগেই সংলাপের দাবি ২০ দলের
‘সময় ফুরিয়ে যাওয়ার’ আগেই সংলাপ-সমঝোতার মাধ্যমে রাজনৈতিক সংকট সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট।
গতকাল শুক্রবার ২০-দলীয় জোটের পক্ষ থেকে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ এক বিবৃতিতে এ আহ্বান জানান। তিনি বলেন, ‘সংকট নিরসনে দেশের এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের সব উদ্যোগকে আমরা স্বাগত জানিয়েছি।’
বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক সংকট সমাধানে বিএনপিসহ ২০ দল আলোচনা, সংলাপ ও সমঝোতায় বিশ্বাসী। সময় ফুরিয়ে যাওয়ার আগেই সংলাপ-সমঝোতায় সরকারি মহলের শুভবুদ্ধির উদয় হবে। অন্যথায় উদ্ভূত যেকোনো পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে।
‘আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে গণহত্যার লাইসেন্স দেওয়া হয়েছে’ বলে দাবি করে বিবৃতিতে বলা হয়, এখন হত্যার দায়মুক্তির আইন করার সরকারি তৎপরতার খবর পত্রিকায় প্রকাশিত হচ্ছে। সরকারকে উদ্দেশ করে বলা হয়, ‘সাংবিধানিক, মৌলিক ও মানবাধিকার হরণকারী কোনো আইন আপনাদের রক্ষা করতে পারবে না। জনগণ আপনাদের নারকীয় কর্মকাণ্ডের সব রেকর্ড সংগ্রহ করেছে।’
বিবৃতিতে সরকারকে ‘বিশ্ব বেহায়া’ অভিহিত করে বলা হয়, ১৯৭৩ সালে আওয়ামী লীগ অনেক বিরোধী প্রার্থীকে মনোনয়নপত্র জমা দিতে দেয়নি। অনেক প্রার্থী বিজয়ী হওয়ার পরও ফলাফল ঘোষণা করা হয়নি। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনী নাটক হয়েছে ঠিক উল্টো। প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ার পরও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদসহ কয়েকজনকে জোরপূর্বক নির্বাচিত ঘোষণা করা হয়েছে।