'সমাজতন্ত্রের বিকল্প নেই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লবের শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে চট্টগ্রামের লালদীঘি মাঠে অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। লালদীঘি মাঠ, চট্টগ্রাম ১৭ নভেম্বর। ছবি: প্রথম আলো
অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লবের শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে চট্টগ্রামের লালদীঘি মাঠে অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। লালদীঘি মাঠ, চট্টগ্রাম ১৭ নভেম্বর। ছবি: প্রথম আলো

‘পুঁজিবাদের বিকল্প সমাজতন্ত্র। কিন্তু সমাজতন্ত্রের কোনো বিকল্প নেই। সমাজতন্ত্র না থাকলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। মানুষের সভ্যতা ধ্বংস হয়ে যাবে। বর্তমানে যার লক্ষণ চারদিকে দেখা যাচ্ছে। তাই সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা অনিবার্য হয়ে দাঁড়িয়েছে।’

আজ শুক্রবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লবের শতবর্ষ’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। ‘অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব শতবর্ষ উদ্‌যাপন পরিষদ, চট্টগ্রাম’ এ অনুষ্ঠানের আয়োজন করে।

অক্টোবর বিপ্লব শতবর্ষ উদ্‌যাপন পরিষদের জাতীয় কমিটির আহ্বায়ক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, মানুষ তার মনুষ্যত্বকে ধ্বংস হতে দেবে না। তার সভ্যতাকে ধ্বংস হতে দেবে না। সে তার জীবনকে রক্ষা করবে। পৃথিবীতে আজ সমাজতন্ত্রের আওয়াজ ও চেতনা জেগে উঠেছে। এতে সবাইকে শরিক হতে হবে। এ অগ্রযাত্রাকে এগিয়ে নিতে হবে।

ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘আজকের বাংলাদেশে যে হারে ধর্ষণ হচ্ছে, তা আমাদের ইতিহাসে কখনো ঘটেনি। সংঘবদ্ধ গণধর্ষণ হচ্ছে এবং ছাত্রলীগের নেতারা গ্রেপ্তার হচ্ছে, রিমান্ডে যাচ্ছে। নারীদের ধর্ষণ করে হত্যা করা হচ্ছে। রুপাকে একা পেয়ে বাসে ধর্ষণ করে মুরগির মতো গলা টিপে হত্যা করা হয়েছে। এটি মুক্তিযুদ্ধের বাংলাদেশ না। এই বাংলাদেশকে আমরা চিনি না। এই বাংলাদেশ পুঁজিবাদী বাংলাদেশ।’

অক্টোবর বিপ্লব অন্য বিপ্লবগুলোর তুলনায় আলাদা উল্লেখ করে প্রবীণ শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, পুঁজিবাদী সরকারগুলো ধর্মকে ব্যবহার করে মানুষকে নির্যাতন করছে। আজ ভারতে গরুর জন্য মানুষকে হত্যা করা হচ্ছে। মিয়ানমারে নির্বিচারে গণহত্যা ও গণধর্ষণ চলছে। এই নির্যাতন পুঁজিবাদের নির্যাতন।

অক্টোবর বিপ্লব রাষ্ট্রীয়ভাবে পালন করা উচিত ছিল বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে মন্তব্য করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে সোভিয়েত ইউনিয়ন ওতপ্রোতভাবে জড়িত। তারা জাতিসংঘে যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়েছিল। তাদের কারণে মার্কিন সপ্তম নৌবহর আসতে পারেনি। সোভিয়েত ইউনিয়নসহ আন্তর্জাতিক সমর্থন না থাকলে মুক্তিযুদ্ধে এই সাফল্য অর্জন করা সম্ভব হতো না। তাই যে বিপ্লবের ভেতর দিয়ে সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল, সে বিপ্লবের শতবর্ষ পালন করা জাতীয় কর্তব্য।
মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, দেশে এখন সবচেয়ে লাভজনক ব্যবসা হচ্ছে এমপিগিরি ব্যবসা। ১০ কোটি টাকা দিয়ে কোনো রকম মনোনয়ন নিতে পারলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। আর একবার নির্বাচিত হতে পারলে তখন বছরে এক শ কোটি টাকা উপার্জন করা কঠিন নয়।
দেশে দ্বিদলীয় ধারা সৃষ্টি হয়েছে এবং অরাজকতা চলছে উল্লেখ করে মুজাহিদুল ইসলাম বলেন, এডিস মশার কামড়ে কারও চিকুনগুনিয়া হচ্ছে, কারও ডেঙ্গু হচ্ছে। আওয়ামী লীগ ও বিএনপি—এই দুটির একটি হচ্ছে চিকুনগুনিয়া, আরেকটি ডেঙ্গু। মানুষ ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়ায় আক্রান্ত হতে চায় না। এই এডিস মশাকে পিষে মারতে হবে।
আজকের সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্ক্সবাদী) কেন্দ্রীয় কমিটির সদস্য শুভ্রাংশু চক্রবর্তী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী ও গণমুক্তি ইউনিয়নের প্রধান সমন্বয়ক নাসির উদ্দিন। অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব শতবর্ষ উদ্‌যাপন পরিষদ চট্টগ্রামের সদস্যসচিব কানাই দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক আবুল মোমেন। আলোচনা সভার আগে চট্টগ্রাম নগরের লালদীঘি ময়দান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়। আলোচনা সভা শেষে রাতে মুসলিম হলে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।