'সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির বিস্তার ঘটেছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির বিস্তার ঘটেছে। এই অবস্থার পরিবর্তন দরকার। গতকাল শুক্রবার চট্টগ্রাম নগর বিএনপি আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন।
নগরের জিইসি কনভেনশন সেন্টারে এই কর্মসূচির আয়োজন করা হয়। নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছিরউদ্দিন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে বিএনপির কয়েক হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘দেশের মানুষ আজ গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক হিসেবে পরিচয় দেওয়ার সুযোগ পাচ্ছে না। এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে দেশ ছেড়ে পালিয়ে যাওয়াও সমাধান নয়। আজকের এই সমস্যা কোনো দল বা গোষ্ঠীর নয়। এই সমস্যা গোটা দেশ এবং জাতির।
মীর মোহাম্মদ নাছিরউদ্দিন বলেন, অনেকে মনে করেছিলেন ৫ জানুয়ারির পর বিএনপি ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। এই জমায়েত প্রমাণ করেছে তাঁদের সেই ধারণা ভুল। শহীদ জিয়ার মৃত্যুর পরও এমন ধারণা ছিল অনেকের। কিন্তু বিএনপি তৃণমূলের সংগঠন। এই সংগঠনের অগ্রযাত্রা কেউ ঠেকাতে পারবে না।
গোলাম আকবর খোন্দকার বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের আগে ও পরে হাজার হাজার নেতা-কর্মীকে জেলে ঢোকানো হয়। এরপরও বিএনপির সামান্যতম ক্ষতি করতে পারেনি এই অবৈধ সরকার।