বর্তমান পরিস্থিতিতে জন্মদিন উদ্যাপন করা ‘সমীচীন নয়’ মনে করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তাঁর জন্মদিনের আনুষ্ঠানিকতা বাতিল করেছেন। গতকাল সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক দোয়া অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আপনারা জানেন, বিএনপির চেয়ারপারসন ইতিমধ্যে জন্মদিনের আনুষ্ঠানিকতা বাতিল করেছেন। কারণ তিনি মনে করেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সামাজিক ও রাজনৈতিক যে অবস্থার তৈরি হয়েছে এবং বন্যার যে পরিস্থিতি, তাতে জন্মদিনের অনুষ্ঠান করা সমীচীন নয়।’ গতকাল ১৫ আগস্ট খালেদা জিয়ার ৭১তম জন্মদিন উপলক্ষে বিএনপি এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির চেয়ারপারসনের জন্মদিন উপলক্ষে আমরা দোয়া মাহফিল করেছি। আমরা তাঁর এবং দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া করেছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রয়াত আরাফাত রহমান ও বিএনপির প্রয়াত নেতা-কর্মীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেছি। এ ছাড়া দেশের শান্তি ও বন্যার্তদের দুর্ভোগ লাঘবের জন্য দোয়া করেছি।’
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান ও শামসুজ্জামান দুদু, উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম প্রমুখ।
প্রসঙ্গত, প্রতিবছর ১৫ আগস্ট গুলশানে নিজের কার্যালয়ে নেতা-কর্মীদের নিয়ে কেক কেটে জন্মদিন উদ্যাপন করতেন খালেদা জিয়া। জাতীয় শোক দিবসে জন্মদিন উদ্যাপন নিয়ে আওয়ামী লীগ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে আসছিল। তারা এটিকে খালেদা জিয়ার ‘ভুয়া’ জন্মদিনও বলে থাকে। এবার এই দিনে কোনো অনুষ্ঠান না করার সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন বিএনপির নেতাদের কেউ কেউ।