'সম্মানবোধ থাকলে ক্ষমতা ছেড়ে নিরপেক্ষ নির্বাচন দিন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে জোর ও দখলদারির মাধ্যমে ক্ষমতা দখল করে আছেন। ন্যূনতম সম্মানবোধ থাকলে ক্ষমতা থেকে পদত্যাগ করে নিরপেক্ষ নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি।

আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে যৌথসভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিএনপির পক্ষ থেকে সাংবাদিকদের ব্রিফ করা হয়। এ ছাড়া জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির পক্ষ থেকে সপ্তাহব্যাপী কর্মসূচিও ঘোষণা করা হয়।

মির্জা ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রী নিজে সব জায়গায় হেলিকপ্টারে গিয়ে নৌকার পক্ষে জনগণের কাছে ভোট চাচ্ছেন। অথচ বিএনপিকে ছোট একটি সমাবেশও করতে দিচ্ছে না। এটাই কি আওয়ামী লীগ সরকারের গণতন্ত্র? গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগই।’ তাঁর অভিযোগ, ‘গত কয়েক দিন খালেদা জিয়া ও জিয়াউর রহমান সম্পর্কে অরাজনৈতিক, আপত্তিকর ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি ভবিষ্যতে তাঁকে এ ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।’

গতকাল রোববার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘রাষ্ট্রপতি ও সংসদের প্রতি আমাদের পূর্ণ সম্মান রয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, রাষ্ট্রপতি পুরোপুরিভাবে আওয়ামী লীগের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করছেন। আমরা জানি, রাষ্ট্রপতি যে বক্তব্য দিয়ে থাকেন তা নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনুমোদিত হয়ে আসে।’

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কর্মসূচি সম্পর্কে সাংবাদিকদের বলেন, ১৮ জানুয়ারি থেকে এ কর্মসূচি শুরু হবে। ১৯ জানুয়ারি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর দিন ভোরে দলের কেন্দ্রীয় কার্যালয় ও সারা দেশে সব ইউনিট কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। পরে সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে খালেদা জিয়ার নেতৃত্বে শ্রদ্ধা জানানো হবে। এর আগে কর্মসূচি শুরুর দিন ১৮ জানুয়ারি রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা হবে।

মুক্তিযোদ্ধা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠন আলোচনা সভা, শীতবস্ত্র বিতরণ, রচনা প্রতিযোগিতা ও আলোকচিত্র প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শামা ওবায়েদ, শহিদউদ্দিন চৌধুরী, মীর সরফত আলী সপু প্রমুখ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।