'সরকার এত অপকর্ম করেছে যে ক্ষমতা ছাড়তে ভীত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, মামলা দিয়ে বিএনপির নেতাদের নির্বাচনের অযোগ্য করার চক্রান্ত শুরু হয়েছে। তারেক রহমানকে সাজার মাধ্যমে এটা শুরু হয়েছে। তিনি বলেন, সরকার এত অপরাধ করেছে যে ক্ষমতা ছাড়তে ভীত।
গতকাল সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল আলোচনায় নজরুল ইসলাম এই মন্তব্য করেন। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগর উত্তর কমিটি এর আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আরিফুর রহমান।
নজরুল ইসলাম খান বলেন, বিএনপির নেতারা যাতে নির্বাচনে অংশ নিতে না পারেন, সে জন্য নতুন চক্রান্ত শুরু হয়েছে। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দিয়ে সেটি শুরু হয়েছে। বিএনপির যোগ্য নেতাদের যদি মামলায় সাজা দিয়ে নির্বাচনের অযোগ্য করা যায়, তাহলে আওয়ামী লীগের জন্য নির্বাচনে জয়ী হওয়া সহজ হয়ে যাবে। কিন্তু এটা সরকারের ভুল ধারণা। জয়ী হতে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের দরকার হবে না।
নজরুল ইসলাম দাবি করেন, সরকার এত অপকর্ম করছে যে তারা ক্ষমতা ছাড়তে পারছে না। এ কারণে তারা একের পর অপরাধ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছে। বিচারিক আদালতে তারেক রহমান খালাস পাওয়ার পর তাঁকে সাজা দিয়ে ন্যায়বিচার বঞ্চিত করা হয়েছে।
অন্যদের মধ্যে মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির প্রমুখ বক্তব্য দেন।