রাজনীতিবিদ ও প্রশাসনে জঙ্গিবাদীদের ভূত ঢুকেছে: ইমরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে গণজাগরণ মঞ্চের ‘প্রতীকী কফিন’ মিছিলের একপর্যায়ে বক্তব্য দেন ইমরান এইচ সরকার। ছবি: ফোকাস বাংলা
স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে গণজাগরণ মঞ্চের ‘প্রতীকী কফিন’ মিছিলের একপর্যায়ে বক্তব্য দেন ইমরান এইচ সরকার। ছবি: ফোকাস বাংলা

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, রাজনীতিবিদ ও প্রশাসনের মধ্যে জঙ্গিবাদীদের ভূত ঢুকেছে। এই ভূত তাড়াতে হবে। তা না হলে এ দেশকে জঙ্গিবাদীদের হাত থেকে, জামায়াত-শিবিরের হাত থেকে রক্ষা করা যাবে না। সরকার বলব, যদি এখনো জনগণের ভাষা বুঝতে না পারেন, তাহলে আপনাদের চড়া মূল্য দিতে হবে।

প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে হত্যা এবং প্রকাশক আহমেদুর রশীদ টুটুল ও দুই লেখক-ব্লগারের ওপর হামলার বিচারের দাবিতে আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে গণজাগরণ মঞ্চ প্রতীকী কফিন মিছিল বের করে। শাহবাগ মোড় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাওয়ার সময় জাতীয় প্রেসক্লাবের পূর্বদিকে সচিবালয়-সংলগ্ন সড়কে মিছিলটি আটকে দেয় পুলিশ। সেখানেই বক্তব্য দেন ইমরান।

গণজাগরণ মঞ্চের মুখপাত্র বলেন, ‘কোনো ঘটনা ঘটলেই তাকে বিচ্ছিন্ন ঘটনা বলে হালকা করে দেওয়া হয়, অস্বীকার করা হয়, কারওর ওপর দায় চাপানো হয়। দায় চাপানোর মধ্য দিয়ে হত্যাকাণ্ডগুলোকে উৎসাহিত করা হচ্ছে। এ কারণে হত্যাকারীরা নির্বিঘ্নে থাকছে। আইনশৃঙ্খলা বাহিনী এ কারণে তাদের ধরতে পারছে না। তাঁদের বার্তা দেওয়া হচ্ছে, এটা বিচ্ছিন্ন ঘটনা সেখানে তোমাদের তৎপর হওয়ার প্রয়োজন নেই। দায় এড়ানো ও দায় চাপানোর সংস্কৃতি জঙ্গিবাদীদের উৎসাহিত করছে।’

ইমরান বলেন, ‘এ হামলা কোনো বিশ্বাস ও সুনির্দিষ্ট গোষ্ঠীর ওপর নয়, বরং এ হামলা দেশের ১৬ কোটি মানুষের বিরুদ্ধে। বাংলাদেশকে সিরিয়া ও আফগানিস্তান বানানোর জন্য পরিকল্পিতভাবে এ হামলা চালানো হচ্ছে।’ তিনি অভিযোগ করেন, সরকার ও প্রশাসনের মধ্যে থেকে কেউ কেউ এসব হামলাগুলোতে পৃষ্ঠপোষকতা করছে, প্রশ্রয় দিয়ে যাচ্ছে।

গণজাগরণ মঞ্চের এই মুখপাত্র বলেন, ‘আজকে শুধু ব্লগার, প্রকাশক ও মুক্তচিন্তার মানুষদের হত্যা করছে না। সচিবালয়ের গেটে যে পুলিশ বাহিনীর ভাইয়েরা আমাদের আটকে দিল, তাঁদের ওপরও আক্রমণ শুরু হয়েছে।’ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে তিনি বলেন, ‘আজকে জঙ্গিবাদী অপশক্তি যে যুদ্ধ ঘোষণা করেছে, এই যুদ্ধ বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে। কোনো মিলিটারি, পুলিশ কাউকে তারা ছাড় দেবে না, সবাইকে তারা হত্যা করবে। তাই আজকে কোনো বিভাজন নয় বরং আমি মনে করি, আইনশৃঙ্খলা বাহিনীসহ দেশের ছাত্র, নারী-পুরুষ, আদিবাসী, বাঙালি সবার এক কাতারে দাঁড়ানো দরকার। এই প্রতিরোধে সবাইকে শামিল হওয়া দরকার।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে গণজাগরণ মঞ্চের ‘প্রতীকী কফিন’ মিছিল। ছবি: ফোকাস বাংলা
স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে গণজাগরণ মঞ্চের ‘প্রতীকী কফিন’ মিছিল। ছবি: ফোকাস বাংলা

জঙ্গিদের বিরুদ্ধে যখন কঠোর ব্যবস্থা নেওয়ার কথা তখন সরকারের ভেতরে থেকে এবং প্রশাসনের মধ্যে থেকে জঙ্গিবাদীদের পৃষ্ঠপোষকতা করা হচ্ছে বলে অভিযোগ করেন ইমরান এইচ সরকার। তিনি বলেন, ‘তারা সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিষ্ক্রিয় রেখেছেন। কাজ করতে দিচ্ছেন না। আপনারা দেখেছেন, যখন পুলিশ বাহিনীর ওপর আক্রমণ করা হচ্ছে, তখন পুলিশ বাহিনী অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকছেন। কেন? কেন জঙ্গিদের বিষয়ে সরকারের এত রক্ষণশীলতা, সরকার কেন জঙ্গিদের ব্যাপারে এত উদার; যেখানে রাজনৈতিক প্রতিপক্ষকে দমনে সরকার একটুও পিছপা হয় না।’
জঙ্গিবাদ দমনে সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই উল্লেখ করে ইমরান বলেন, জঙ্গিবাদ দমনে বক্তব্য ও বিবৃতি ছাড়া সরকারের তরফ থেকে কোনো কার্যকর পদক্ষেপ দেখছি না। আমরা বারবার বলেছি, জঙ্গিবাদ দমনে প্রয়োজনে চিরুনি অভিযান কিংবা আলাদা বাহিনী গঠন দরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে গণজাগরণ মঞ্চের ‘প্রতীকী কফিন’ মিছিলে পুলিশের বাধা। ছবি: ফোকাস বাংলা
স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে গণজাগরণ মঞ্চের ‘প্রতীকী কফিন’ মিছিলে পুলিশের বাধা। ছবি: ফোকাস বাংলা

বক্তব্য শেষে ইমরান এইচ সরকারের নেতৃত্বে গণজাগরণ মঞ্চের পাঁচ সদস্যদের একটি প্রতিনিধি দল ব্লগার, প্রকাশকদের হত্যা ও হত্যা চেষ্টার প্রতিবাদ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেন।
ব্লগার, প্রকাশক ও মুক্তচিন্তার মানুষদের হত্যা ও হত্যাচেষ্টার প্রতিবাদে আগামীকাল বিকেল তিনটায় শাহবাগ মোড়ে ‘মুক্তচিন্তার সংহতি’ সমাবেশ করবে গণজাগরণ মঞ্চ। সেখানে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।