'সরকার গণতন্ত্রের নামে রসিকতা শুরু করেছে'
‘আওয়ামী লীগ সরকার গণতন্ত্রের নামে জনগণের সঙ্গে রসিকতা শুরু করেছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, গণতন্ত্র আজ নির্বাসিত। তাই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্দোলন ছাড়া বিকল্প কোনো পথ নেই।
গতকাল বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় নজরুল ইসলাম খান এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, ‘মুক্তিযোদ্ধাদের পরিচয় যদি আমরা যথার্থভাবে বহন করতে চাই, তাহলে যে কারণে আমরা যুদ্ধ করেছিলাম, সেই গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন গড়ে তুলতে হবে।’ তিনি অভিযোগ করেন, সরকার নানা কৌশল অবলম্বন করে বিএনপির স্বাভাবিক ও গণতান্ত্রিক রাজনীতির পথে বাধা সৃষ্টি করছে।
মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ, নির্বাহী কমিটির সদস্য শাহ মো. আবু জাফর প্রমুখ।