'সরকার গণতন্ত্রের শক্তিকে গলা টিপে হত্যা করছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০-দলীয় জোটের সমাবেশে বক্তারা বলেছেন, অবৈধ আওয়ামী লীগ সরকার একে একে গণতন্ত্রের সব শক্তিকে গলা টিপে হত্যা করছে। এবার তারা গণমাধ্যমের গলা চেপে ধরার জন্য বিতর্কিত জাতীয় সম্প্রচার নীতিমালা করছে। এই অবৈধ সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।
জাতীয় সম্প্রচার নীতিমালার প্রতিবাদে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ির নাসিমন ভবনের বিএনপির কার্যালয়ের সামনে ২০-দলীয় জোট এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সমাবেশে বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন দলের নেতা-কর্মীরা মিছিল নিয়ে যোগ দেন।
চট্টগ্রাম নগর বিএনপির সহসভাপতি সামসুল আলমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আমীর খসরু বলেন, ‘৫ জানুয়ারি ভোটাধিকার হরণের মাধ্যমে ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকার একে একে গণতন্ত্রের সকল অঙ্গ-প্রত্যঙ্গ হত্যা করে এখন একদলীয় বাকশালি শাসন প্রতিষ্ঠা করেছে।’
সমাবেশের প্রধান বক্তা সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম বলেন, ‘দেশে এখন জনগণের ভোটাধিকার নেই, বাক্-স্বাধীনতা নেই, নিরাপত্তা নেই, আইনের শাসন নেই।’
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সাংসদ বেগম রোজি কবির। চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান, নগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি নুরুল আমিন, নগর বিজেপির আহ্বায়ক নূর মোহাম্মদ খান, বিএনপির নেতা মোহাম্মদ মিয়া, এম এ আজিজ, আবুল হাশেম বক্কর।