'সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে আছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার। গতকাল বিকেলে নগরের নাসিমন ভবন চত্বর থেকে তোলা ছবি l প্রথম আলো
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার। গতকাল বিকেলে নগরের নাসিমন ভবন চত্বর থেকে তোলা ছবি l প্রথম আলো

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নেতা-কর্মীরা দলের যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন। তাঁকে ষড়যন্ত্রমূলকভাবে ভিত্তিহীন মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে তাঁরা অভিযোগ করেছেন।

আসলাম চৌধুরীর মুক্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে নাসিমন ভবন চত্বরে সমাবেশ করেন দলের নেতা-কর্মীরা। উত্তর জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও চাকসুর সাবেক ভিপি নাজিম উিদ্দনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার। সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য উদয় কুসুম বড়ুয়া, উত্তর জেলা বিএনপির সাবেক সহসভাপতি এম এ হালিম, ইউনুস চৌধুরী প্রমুখ ।

সমাবেশে গোলাম আকবর খোন্দকার দাবি করেন, সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে আছে। যেকোনো মুহূর্তে গদি তছনছ হয়ে যেতে পারে। তাঁর অভিযোগ এখন গণতন্ত্র নির্বাসিত, মানুষের বাক্স্বাধীনতা নেই। আওয়ামী লীগ ভোটের অধিকার হরণ করেছে। গণতন্ত্র ও রাষ্ট্রের সব প্রতিষ্ঠানগুলোকে সুপরিকল্পিতভাবে ধ্বংস করে ফেলেছে। সংগঠন করার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে।

সমাবেশে নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম দাবি করেন, ৫ জানুয়ারির নির্বাচনের আগে ও পরে রাজপথ প্রকম্পিত করেছে বলে সরকার আসলাম চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। কিন্তু তাঁর বিরুদ্ধে একটি মামলাও প্রমাণ করতে পারেনি। কল্পকাহিনি সাজিয়ে তাঁর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। কিন্তু আসলাম চৌধুরীসহ নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে সরকার ক্ষমতা চিরস্থায়ী করতে পারবে না।

সভাপতির বক্তব্যে নাজিম উিদ্দন বলেন, ৫ জানুয়ারির নির্বাচনে মানুষ ভোট দিতে যায়নি। নির্বাচনের পর সরকারের রোষানলে পড়েছেন আসলাম চৌধুরী। তাঁকে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে কারাগারে রাখা হয়েছে বলে দাবি করেন তিনি।