'সরকার দুর্গত মানুষ নিয়ে রাজনীতি করছে'
সরকার দুর্গত মানুষের অসহায়ত্ব নিয়ে রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। তিনি বলেন, সরকার রাঙামাটিতে দুর্গতদের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছে। নিজেদের ব্যর্থতা আড়াল করতে সরকার বিএনপির ত্রাণ কার্যক্রমে বাধা দিয়েছে এবং মহাসচিবের গাড়িবহরে হামলা করেছে।
১৩ জুন ঝোড়ো হাওয়ায় হালিশহর ও পাহাড়তলীতে ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে গতকাল বৃহস্পতিবার নোমান এই অভিযোগ করেন। বেলা তিনটায় নগরের উত্তর হালিশহর ওয়ার্ডের হালিশহর পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ অনুষ্ঠান হয়।
উত্তর হালিশহর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোশারফ হোসেনের সভাপতিত্বে ও আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় শ্রমিক-বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দীন, দক্ষিণ কাট্টলী ওয়ার্ড বিএনপির আহ্বায়ক জসীম উদ্দিন প্রমুখ।
গতকাল ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে পাঁচ কেজি চাল, এক কেজি মসুর ডাল, সেমাই, চিনি, এক লিটার সয়াবিন তেল ও একটি করে শাড়ি দেওয়া হয়।