
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আয়োজিত সমাবেশে দলের নেতারা অভিযোগ করেছেন, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে সরকার জিয়া পরিবার এবং বিএনপিকে নিশ্চিহ্ন করে দিতে চায়। এর পরিণাম ভালো হবে না বলে তাঁরা হুঁশিয়ারি উচ্চারণ করেন। সরকার দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে বলেও তাঁরা অভিযোগ করেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবন চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান।
বিশেষ বক্তা ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম ওরফে বক্কর। সমাবেশ শুরুর আগে কাজীর দেউড়ির মোড় থেকে শোভাযাত্রা বের করা হয়।
সমাবেশে শাহাদাত হোসেন বলেন, সরকার বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে একটির পর একটি মামলা দিয়ে মামলার পাহাড় গড়ে তুলেছে। বাংলাদেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে। এর পরিণাম শুভ হবে না বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
শাহাদাত হোসেন বলেন, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে আজ যাঁরা সরকারে আছেন, তাঁরা মুক্তিযুদ্ধের মূল চেতনা থেকে সরে গেছেন।
বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান বলেন, জিয়াউর রহমান অসম সাহসিকতার সঙ্গে মুক্তিযুদ্ধ করেছিলেন। তাঁর প্রতি সরকারের আচরণ মুক্তিযোদ্ধাদের অসম্মানিত করছে।
নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বলেন, অত্যাচার, নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে সবাইকে রাজপথের গণ-আন্দোলনে শামিল হতে হবে। এই সরকার যত দিন থাকবে, অত্যাচার ও নির্যাতন তত বাড়বে।