
বিএনপির নেতারা বলেছেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পরবর্তী ধাপগুলোতে দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সরকার যাতে বিএনপির জয় কেড়ে নিতে না পারে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে। নিজেরা সুসংহত ও সতর্ক থেকে পরবর্তী নির্বাচনগুলোতে প্রতিযোগিতা করতে হবে।
গতকাল সোমবার বিকেলে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম বিভাগীয় নির্বাচন মনিটরিং টিমের প্রধান মীর মোহাম্মদ নাছিরউদ্দিনের চট্টেশ্বরী রোডের বাসভবনে অনুষ্ঠিত সমন্বয় সভায় দলের নেতারা এসব কথা বলেন। পরবর্তী ধাপের ইউপি নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে চট্টগ্রামের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীদের নিয়ে এ সভা হয়।
সমন্বয় সভায় ইউপি নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত কেন্দ্রীয় নির্দেশনা পড়ে শোনান চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন। তিনি বলেন, নেতারা নিজ নিজ এলাকায় অবস্থান করে কাজ করবেন। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে স্থানীয় কমিটির মাধ্যমে কন্ট্রোল রুম (নিয়ন্ত্রণকক্ষ) স্থাপন করা হবে। কন্ট্রোল রুম থেকে যেকোনো ধরনের অনিয়ম, অভিযোগের বিষয়ে কেন্দ্রে যোগাযোগ করা হবে। এ ছাড়া আইন সহায়তা সেল, প্রচার সেল ও মিডিয়া সেল গঠন করা হবে।
সভায় মীর মোহাম্মদ নাছিরউদ্দিন বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরির দায়িত্ব সরকারের। এ সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলোকে তারা তামাশার নির্বাচনে পরিণত করেছে বলে তিনি অভিযোগ করেন। তিনি দাবি করেন, সরকার ভোট ডাকাতির উৎসবে মেতে উঠলেও ইউপি নির্বাচনের প্রতিটি ধাপে ক্রমান্বয়ে বিএনপির প্রার্থীরা ভালো করছেন।
মীর নাছির দাবি করেন, চট্টগ্রাম বিএনপির শক্ত ঘাঁটি। ভোট ডাকাতদের প্রতিহত করা গেলে এখানে বিএনপি জয়ী হবে। বিএনপির নেতা-কর্মীদের নিজ নিজ এলাকায় ভোটকেন্দ্র পাহারা দিতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁইয়া, সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজাম, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবদুস সাত্তার, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শেখ মোহাম্মদ মহিউদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্যসচিব আবদুল্লাহ আল হাসান প্রমুখ।