'সরকার সুশাসনের পরিবর্তে দমনমূলক শাসন করছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহমুদুর রহমান মান্নার মুক্তির দাবিতে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক ছাত্র ঐক্যের উদ্যোগে মানববন্ধন l ছবি: প্রথম আলো
মাহমুদুর রহমান মান্নার মুক্তির দাবিতে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক ছাত্র ঐক্যের উদ্যোগে মানববন্ধন l ছবি: প্রথম আলো

সরকার সুশাসনের পরিবর্তে দমনমূলক শাসন করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান। গতকাল মঙ্গলবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার মুক্তির দাবিতে নাগরিক ছাত্র ঐক্য আয়োজিত এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
খালেকুজ্জামান বলেন, মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি হচ্ছে। যড়যন্ত্র করার কথা বলে মান্নাকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু গত দেড় বছরেও কোনো তথ্য-প্রমাণ হাজির করা হয়নি। মূল অভিযোগের কোনো ভিত্তি আদালতও পাননি। তিনি অবিলম্বে মান্নার মুক্তি দাবি করেন।
মান্নাকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী শক্তি হিসেবে অভিহিত করেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-রব) সভাপতি আ স ম আবদুর রব। তিনি বলেন, মান্না একটি আপসহীন কণ্ঠ। তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন। তাঁর চিকিৎসা দরকার। বিভিন্ন সময় মান্না সরকারের দুর্বলতা নিয়ে কথা বলেছেন বলেই তাঁর প্রতি দমনমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। মানববন্ধনে নাগরিক ছাত্র ঐক্যের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা ছিলেন।