'সরকারের তৈরি মুক্তিযোদ্ধাদের তালিকা অবৈধ'
সরকারের তৈরি মুক্তিযোদ্ধাদের তালিকাকে ‘অবৈধ’ বলে দাবি করেছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। আজ মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়। দলটি ওই তালিকা প্রত্যাখ্যান করার ঘোষণা দিয়েছে।
সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহম্মেদ দাবি করেন, এই সরকার মুক্তিযুদ্ধকে একটি পণ্যে পরিণত করেছে। রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য তারা মুক্তিযুদ্ধকে ব্যবহার করছে।
১৯৭১ সালে যুদ্ধক্ষেত্রে কম-বেশি এক লাখ মুক্তিযোদ্ধা ছিলেন। এখন মুক্তিযোদ্ধা তিন লাখে পরিণত হয়েছে। মুক্তিযোদ্ধাদের নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারও নেই।
বিএনপির নেতা হাফিজউদ্দিন আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সই নিয়ে মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট নিতে হবে, এটি দুঃখজনক। মুক্তিযুদ্ধের সেনাপ্রধান বেঁচে না থাকলেও উপ সেনাপ্রধান এ কে খন্দকার এখনো বেঁচে আছেন। মুক্তিযোদ্ধাদের সনদ দেওয়ার অধিকার একমাত্র যুদ্ধক্ষেত্রের সেনাপ্রধানেরই থাকা উচিত বলে তিনি মন্তব্য করেন।