বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দিয়ে সরকারের শেষরক্ষা হবে না বলে বিএনপির নেতারা হুঁশিয়ার উচ্চারণ করেছেন। গতকাল বৃহস্পতিবার হাইকোর্টে তারেকের সাজা ঘোষণার পর বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা নগরের বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশ থেকে এই হুঁশিয়ারি দেওয়া হয়।
গতকাল দুপুরে চট্টগ্রাম আদালত ভবন চত্বরের সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন। সেখানে সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খোন্দকার, চট্টগ্রাম আদালতের সাবেক পিপি আবদুস সাত্তার প্রমুখ বক্তৃতা করেন।
আদালত ভবন চত্বরের সমাবেশে মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, সরকার তারেক রহমানকে রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে উচ্চ আদালতকে ব্যবহার করেছে। তারেক রহমানের বিরুদ্ধে দণ্ডাদেশ সাজানো, পরিকল্পিত ও প্রতিহিংসামূলক। তাঁকে সাজা দিয়ে বিএনপিকে স্তব্ধ করা যাবে না।
বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা হিসেবে গোলাম আকবর খোন্দকার বলেন, তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আওয়ামী লীগ আদালতকে ব্যবহার করেছে। জাতীয়তাবাদী শক্তির রাজনীতিকে নির্মূল করতেই আওয়ামী লীগ সরকার বিএনপির শীর্ষ নেতা থেকে শুরু করে মাঠপর্যায়ের নেতা-কর্মীদের লক্ষ্যবস্তু বানিয়ে গুম ও হত্যা ছাড়াও জেলে ঢোকাচ্ছে।
আদালত ভবনের সমাবেশে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি ইফতেখার হোসেন চৌধুরী, উত্তর জেলা বিএনপির সহসভাপতি এম এ হালিম, ইউনুছ চৌধুরী, নুর মোহাম্মদ, যুবদলের কেন্দ্রীয় নেতা ইয়াছিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতারা বিক্ষিপ্তভাবে বিক্ষোভ সমাবেশ করেন। দুপুর থেকে বিকেল পর্যন্ত এসব সমাবেশ চলে। নাসিমন ভবনে যুবদলের নগর কমিটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন একটি বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন। এরপর যুবদলের কেন্দ্রীয় সদস্য ইয়াছিন চৌধুরী আরেকটি বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন। সেখানে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য শাহেদ বক্স ও চবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান প্রমুখ। এরপর নগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদের নেতৃত্বে আরেকটি সমাবেশ হয়।