যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দিলু পাটওয়ারী তাঁর প্রাণনাশের শঙ্কা প্রকাশ করেছেন। তাঁর অভিযোগ, যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের সাংসদ রণজিৎ কুমার রায় তাঁকে হত্যার ষড়যন্ত্র করছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন সাংসদ।
গতকাল বুধবার দুপুরে যশোর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ইউপি চেয়ারম্যান দিলু পাটওয়ারী। তিনি বলেন, ‘আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বাঘারপাড়ার শীর্ষ নেতৃত্ব সাংসদ রণজিৎ রায় আমাকে হত্যার ষড়যন্ত্র করছেন। এ বিষয়ে যশোরের পুলিশ সুপার আনিসুর রহমানকে মৌখিকভাবে জানানো হয়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে আমাকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। শুধু তা-ই নয়, আমাকে ঘায়েল করার জন্য সাংসদ আমার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষকে দিয়ে সম্প্রতি ষড়যন্ত্রমূলক ভাঙচুরের মামলা দিয়েছেন।’
তবে অভিযোগ অস্বীকার করে সাংসদ রণজিৎ কুমার রায় প্রথম আলোকে বলেন, ‘ইউপি চেয়ারম্যান দিলু পাটওয়ারী এলাকায় চরম দুর্বৃত্তায়নের রাজনীতি করতে চান। ওর মতো লোককে আমার মারতে হবে কেন? এ ধরনের রাজনীতি আমি করি না। মূলত ওদের নিজ পরিবারের মধ্যে গন্ডগোল রয়েছে।’