'সাংসদের পকেটে অস্ত্র, মদের বোতল থাকে'
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মদ বলেছেন, ‘ভোট ছাড়া নির্বাচিত সাংসদের পকেটে অস্ত্র ও মদের বোতল থাকে, তাঁরা মদ খেয়ে, নাশতা করে এবং অস্ত্র নিয়ে বের হয়ে যাকে সামনে পান, তাঁকে গুলি করে হত্যা করেন। পেটের শিশুরাও বাদ পড়ছে না। কারও জীবনের নিরাপত্তা নেই।’ তিনি গতকাল সোমবার ভোলা জেলা বিএনপির কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে এ কথা বলেন।
দেশে জঙ্গিবাদ নিয়ে সরকার মিথ্যাচার করছে উল্লেখ করে হাফিজ উদ্দিন আহম্মদ বলেন, ‘কোনো কিছু হলে বলে, এটা জঙ্গিরা করেছে। খালেদা জিয়া জঙ্গিদের পৃষ্ঠপোষক। এবার বিদেশিদের হত্যার পরে সরকার বলছে, বাংলাদেশে কোনো জঙ্গি নেই। তাহলে এত দিন মিথ্যাচার করলেন কেন? বিএনপির মতো জনপ্রিয় দলকে জঙ্গি আখ্যা দিলেন কেন!’ দেশে আইনশৃঙ্খলার ঘোরতর অবনতি হয়েছে মন্তব্য করে এই বিএনপি নেতা বলেন, ‘সরকার এত দিন বাংলাদেশের মানুষ হত্যা করেছে, এখন বিদেশিদেরও হত্যা করে বিশ্বের কাছে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ন করছে।’
পৌরসভা নির্বাচন নিয়ে হাফিজ উদ্দিন বলেন, ‘আগামী বছর পৌর নির্বাচন হবে। খালেদা জিয়া দেশে ফিরে এলে ২০ দলের জরুরি বৈঠক করবেন। তখন সিদ্ধান্ত হবে এই আজ্ঞাবহ নির্বাচন কমিশনের অধীনে বিএনপি নেতৃত্বাধীন জোট নির্বাচনে যাবে কি না। তবে বিএনপি কোনো অন্যায়কে বিনা চ্যালেঞ্জে মেনে নেবে না।’
সম্মেলনে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর, সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া প্রমুখ।